এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল না পেলেও সম্প্রতি বিদেশি খেলোয়াড়রা চলে যাওয়ায় হঠাৎই ডাক পড়ে বাংলাদেশি তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। ২৯ বছর বয়সী এ পেসারকে দলভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। তবে সংকট তৈরি হয় বিসিবির কাছ থেকে তার এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) পাওয়া নিয়ে। তিনি এখন জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন এবং সেখান থেকে দল যাবে পাকিস্তান। এরপরও মুস্তাফিজের আবেদনের প্রেক্ষিতে তাকে সাতদিনের জন্য এনওসি দিয়েছে বিসিবি। আজ শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলতে মুস্তাফিজকে এনওসি দিয়েছে বিসিবি। যদিও আগামীকাল ১৭ মে তিনি শারজায় স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন। ওই ম্যাচ খেলেই উড়াল দেবেন ভারতের পথে। পরদিন দিল্লিতে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচ রয়েছে ক্যাপিটালসের। দিল্লি পৌঁছেই তাকে মাঠে নামতে হতে পারে।

এরপর ২৪ মে পর্যন্ত আর মাত্র দুটি ম্যাচ পাবেন তিনি। ২১ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ও ২৪ মে জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে দিল্লি। এরপরই তাকে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে। অবশ্য রাউন্ড রবিন লিগে দিল্লিরও শেষ ম্যাচ সেটি। এ মুহূর্তে প্লে-অফের রেসে আছে দিল্লি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের পাঁচে। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে মুম্বাই। এক থেকে তিনে আছে গুজরাট (১৬), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১৬) ও পাঞ্জাব (১৫)।

গুঞ্জন রয়েছে, মুস্তাফিজকে ৬ কোটি টাকায় নিয়েছে দিল্লি। যদিও ২৪ মে পর্যন্ত খেললে তাকে কত টাকা দেবে ফ্র্যাঞ্চাইজিটি, সেটি পরিষ্কার নয়।

এর আগে হায়দরাবাদ সানরাইজার্স, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেছেন মুস্তাফিজ। ২০১৬ সালে সানরাইজার্সকে চ্যাম্পিয়ন করানোর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।