হারারেতে প্রথম ওয়ানডে ম্যাচে জিততে জিততে হেরে যায় জিম্বাবুয়ে। শেষ ওভারে হ্যাটট্রিক করে সিকান্দার রাজাদের হৃদয় ভেঙে দিয়েছিলেন দিলশান মদুশঙ্কা। আজ রোববার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তারা হেরে গেল পাথুম নিশাঙ্কার কাছে। স্বাগতিকরা ২৭৮ রানের টার্গেট ছুড়ে দিলেও নিশাঙ্কার সেঞ্চুরিতে সেই রান সফলভাবে তাড়া করে লংকানরা। ৫ উইকেট হাতে রেখে জিতেছে চারিথ আসালঙ্কার দল। ২-০তে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী দল।
আগে ব্যাটিংয়ে নেমে বেন কারেন (৯৫ বলে ৭৯) ও সিকান্দার রাজার (৫৫ বলে ৫৯) ব্যাটে ভর করে ৭ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। এছাড়া ক্লাইভ মাদান্দে ৩৬ বলে ৩৬, শন উইলিয়ামস ২০ ও ব্রেন্ডন টেইলর ২০ রান করেন। দুশমন্ত চামিরা ৩টি ও আসিথা ফার্নান্দো ২টি উইকেট নেন।
এরপর নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে জিতেছে শ্রীলংকা। ১৩৬ বলে ১৬ বাউন্ডারিতে ১২২ রানের রাজসিক ইনিংস খেলেন তিনি। ৬৮ রানের মধ্যে নুয়ানিদু ফার্নান্দো ও কুশল মেন্ডিসকে হারালেও শ্রীলংকাকে সঠিক পথে রাখেন নিশাঙ্কা। সাদিরা সামারাবিক্রমার (৩১) সঙ্গে ৭৮, চারিথ আসালঙ্কার (৭১) সঙ্গে ৯০ রানের জুটিতে তিনিই শ্রীলংকাকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ দিকে জেনিত লিয়ানাগে ও আসালঙ্কা ২৬ বলে ৩৬ রানের মূল্যবান জুটি গড়েন। লিয়ানাগে ১৬ বলে ১৯ ও কামিন্দু মেন্ডিস ২ বলে ৫ রানে অপরাজিত থাকেন।
ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন পাথুম নিশাঙ্কা। তিনি প্রথম ওয়ানডেতে করেছিলেন ৭৬ রান।
বুধবার শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।










