কন্নড় অভিনেতা যশের নতুন সিনেমা টক্সিক। এতে কিয়ারা আদভানি ও নয়নতারার সঙ্গে অভিনয় করছেন হুমা কোরেশী। যশ অভিনীত কেজিএফের দুই পর্বের পর এই সিনেমা নিয়েও দর্শকের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সম্প্রতি সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি প্রশংসা করলেন হুমা কোরেশী। সেই সঙ্গে জানালেন তিনি সব ধারার সিনেমাতেই কাজ করতে চান।
দ্য হলিউড রিপোর্টারের সঙ্গে কথা বলার সময় হুমা কাহিনীর বিস্তারিত প্রকাশ না করলেও প্রকল্পটির পরিধি ও আবহ সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। তিনি বলেন, ‘এটি এক বিশাল মাপের প্রযোজনা। ইয়াশের মতো একজন তারকা ও গীতু মোহনদাসের মতো একজন অসাধারণ পরিচালকের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা ছিল। তারা একসঙ্গে কিছু সুন্দর ও ব্যতিক্রমধর্মী কাজ করেছেন।’
এ সিনেমায় অভিনয় করতে গিয়ে দক্ষিণের ইন্ডাস্ট্রির প্রতিও আগ্রহী হয়েছেন হুমা। তিনি বলেন, ‘আমি দক্ষিণের চলচ্চিত্রে আরো কাজ করতে চাই। কিন্তু এখন পর্যন্ত আগ্রহ তৈরি করার মতো কোনো প্রস্তাব পাইনি।’
হুমা তার শিল্পীজীবন সম্পর্কেও কথা বলেছেন এবং একই ধরনের চরিত্রে সীমাবদ্ধ না থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি নিজেকে কোনো ঘরানার মধ্যে বন্দি করতে চাই না। আমি সব ধরনের কাজ করতে চাই। নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি যেমন একদিকে চমকপ্রদ, আকর্ষণীয় গানে পারফর্ম করতে পারি, তেমনি অন্যদিকে চুলে ধূসর ছোঁয়া লাগিয়ে একটি চরিত্র ফুটিয়ে তুলতে পারি। একজন অভিনেতা হিসেবে এটা সত্যিই অসাধারণ এক জায়গা এবং আমি এটা অন্যভাবে চাইতাম না। হয়তো আমার লক্ষ্যই হলো দেশের সবচেয়ে বহুমুখী অভিনেত্রী হওয়া।’
‘টক্সিক: এ ফেরারি টেল ফর গ্রোন আপস’-এর চিত্রনাট্যে সহলেখক স্বয়ং যশ। এটি একটি গ্যাংস্টার ড্রামা, যেখানে গল্পে ফ্যান্টাসি বা রূপকথার ছোঁয়া রয়েছে বলে জানা গেছে। কেভিএন প্রডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত এই সিনেমা যশের সঙ্গে থোভিনো থমাস, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, রুক্মীনি বসন্ত, হুমা কোরেশী, সুদেব নায়ার ও অক্ষয় ওবেরয় অভিনয় করছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা










