ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনুপম খের। তাকে কমেডি চরিত্রে দেখেই দর্শক অভ্যস্ত, তবে ক্যারিয়ারে একটা সময় খল চরিত্রেও অভিনয় করেছেন। শেখর কাপুর পরিচালিত মিস্টার ইন্ডিয়ায়ও তার অভিনয় করার কথা ছিল। কিন্তু তিনি বাদ পড়েন এবং তার জায়গা নেন কিংবদন্তি অভিনেতা অমরিশ পুরি। সম্প্রতি এ কথা অনুপম নিজেই জানালেন। একটি সাক্ষাৎকারে অনুপম খের জানান, তিনি ও পরিচালক শেখর কাপুর চরিত্রটি নিয়ে একটি ভিন্ন ধারণা পোষণ করতেন। সে কারণেই অভিনয় করা হয়নি। কিন্তু বাদ পড়ে অপমানিত বোধ করেছিলেন তিনি।

মিস্টার ইন্ডিয়ার খল চরিত্রের নাম ‘‌মোগ্যাম্বো’। চরিত্রটি হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম সেরা খলনায়ক চরিত্র হিসেবে বিবেচিত হয়। তা সম্ভব হয়েছে অমরিশ পুরির অভিনয়ের জন্য। এমনকি অনুপম খেরও মনে করেন, অমরিশ পুরির মতো ‘কাঠখোট্টা’ অভিনয় তিনি করতেন না। অনুপম স্বীকার করেছেন যে তাকে প্রজেক্ট থেকে বাদ দেয়ায় তিনি নিজেকে অপমানিত ও ঈর্ষান্বিত বোধ করেছিলেন।

তিনি রাজ শামানির পডকাস্টে বলেন, ‘অহংকার, যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে সেটা নেতিবাচক নয়, ঈর্ষাও খুব স্বাস্থ্যকর হতে পারে যদি সেটা সঠিকভাবে ব্যবহার করা হয়।’ কখন তিনি ঈর্ষা অনুভব করেছিলেন জানতে চাইলে অনুপম বলেন, ‘যখন আমাকে মিস্টার ইন্ডিয়া থেকে বাদ দিয়ে অমরিশ পুরিকে মোগ্যাম্বোর চরিত্রে নেয়া হয়। আমি নিজেকে খুব ছোট মনে করেছিলাম। হীনম্মন্যতায় ভুগলাম। সিনেমাটি দেখার পর আমি বুঝলাম, আমি চরিত্রটিকে এতটা কাঠখোট্টা করে উপস্থাপন করতাম না। আমি ও শেখর চরিত্রটি নিয়ে একেবারে ভিন্ন ভাবনাচিন্তা করছিলাম, আমার মোগ্যাম্বো আরো মেকিয়াভেলিয়ান হতো।’

তিনি আরো ব্যাখ্যা করে বলেন, ‘আমি অপমানিত বোধ করেছিলাম। ভাবছিলাম, আমাকে বাদ দেয়া হলো কেন? এটা খুব স্বাভাবিক যে তখন আমি হীনম্মন্যতায় ভুগেছিলাম। সিনেমা থেকে আমাকে নিজেদের স্বার্থে বাদ দিয়েছে, আজ আমি সেটা বুঝি। কিন্তু তখন আমি নিজেকে তুচ্ছজ্ঞান করেছিলাম। ঈর্ষান্বিত হয়েছিলাম। আরো ভাবছিলাম, উনি চরিত্রটা কীভাবে পেলেন?’

এর আগের এক সাক্ষাৎকারে অনুপম খের বলেছিলেন, সিনেমার অনেকটাই শুট করার পর তাকে প্রতিস্থাপন করা হয়েছিল। অনুপম বলেছিলেন, ‘মোগ্যাম্বোর চরিত্রটি প্রথমে আমাকে অফার করা হয়েছিল। কিন্তু এক-দুই মাস পর নির্মাতারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নেন। যখন কোনো ছবি থেকে কাউকে বাদ দেয়া হয়, তখন সাধারণত একজন অভিনেতার খারাপ লাগে, কিন্তু যখন আমি মিস্টার ইন্ডিয়া দেখলাম এবং অমরিশজির কাজ দেখলাম, তখন বুঝলাম যে নির্মাতারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।’

অমরিশ পুরিও তার আত্মজীবনীতে লিখেছেন, এ চরিত্রে এত দেরিতে নেয়ায় তিনি কিছুটা অনিশ্চিত ছিলেন। এর পরও সিনেমাটি ছিল হিট এবং অমরিশের সেরা খল চরিত্রের একটা হয়ে আছে মোগ্যাম্বো।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস