উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস ও তার দল নগরবাউল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক মানবিক বার্তায় জেমস জানিয়ে দেন এ দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার। অফিশিয়াল ‘নগরবাউল জেমস’ ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় তিনি লেখেন, ‘এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা। আহত শিক্ষার্থী ও তাদের পরিবার যেভাবে দুঃসহ সময় পার করছে, আমরা তাদের পাশে আছি।’

জেমস আরো বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা সাহসিকতার সঙ্গে দ্রুত পরিস্থিতি মোকাবেলা করেছেন। নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।’

বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত জেমস দেশ-বিদেশে কনসার্টে ব্যস্ত সময় পার করছেন। এ সফরের অংশ হিসেবে ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ শিরোনামের একটি কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট এক ঘোষণায় জানিয়েছে, এ কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ সরাসরি বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারকে সহায়তায় ব্যয় করা হবে।