দীর্ঘ চার বছরের বিরতির পর আবারো একসঙ্গে পথচলা শুরু করল দক্ষিণ কোরিয়ার সুপরিচিত ব্যান্ড বিটিএস। সামরিক দায়িত্ব শেষ করে দলের আরএম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা গত বছর একসঙ্গে ফিরে এসেছেন। ফিরে এসে বিটিএস ঘোষণা করেছে, এটি কেবল প্রত্যাবর্তন নয়, বরং একটি নতুন যাত্রা। নতুন বছরের শুরুতেই জানানো হয়েছে নতুন অ্যালবাম প্রকাশ এবং বিশ্বব্যাপী সংগীত সফরের পরিকল্পনা। জানা গেছে, ২০ মার্চ প্রকাশ পাবে তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’।

আরিরাং দক্ষিণ কোরিয়ার শত বছরের পুরনো একটি লোকগান। প্রজন্মের পর প্রজন্ম ধরে কোরিয়ানরা এটি গায় এবং এটি তাদের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। বিগ হিট মিউজিকের এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যালবামে শিল্পীরা নিজেদের শিকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেছেন, পাশাপাশি হৃদয়ের অনুভূতি ও ভালোবাসার সুরও বোনা হয়েছে।

‘আরি’ শব্দের অর্থ ‘সুন্দর’ এবং ‘রাং’ শব্দের অর্থ ‘প্রিয়জন’। প্রায় এক শতাব্দী ধরে কোরিয়ার মানুষের কাছে ‘আরিরাং’ কেবল একটি গান নয়, এটি তাদের অনুভূতি, ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন।

বিগ হিট মিউজিক জানিয়েছে, অ্যালবামে মোট ১৪টি গান থাকবে। রেকর্ডিং হয়েছে ২০২৫ সালের শেষ ভাগে। এ অ্যালবামের মাধ্যমে বিটিএস তাদের শৈল্পিক পরিচয় ও গানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।

নতুন অ্যালবাম প্রকাশ ও আসন্ন বিশ্বভ্রমণ সংগীত সফরের মাধ্যমে বিটিএস ভক্তদের সঙ্গে তাদের সংযোগ আরো দৃঢ় করার পরিকল্পনা করেছে। ব্যান্ডটির প্রত্যাবর্তন কেবল একটি নতুন অধ্যায় শুরু করছে, যা তাদের ভক্তদের জন্য নতুন গান, নতুন অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংগীত জগতে আরো শক্ত অবস্থান নিশ্চিত করবে।