নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ইউটিউব ফিল্ম ‘সহযাত্রী’। এতে প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী নাজনীন নাহার নিহাকে। জোভান ও নিহা এই ফিল্মে দম্পতির চরিত্রে অভিনয় করছেন, যেখানে তাদের দাম্পত্য জীবনের এক বিশেষ ও অনন্য ঘটনাকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত। দর্শকরা এখানে পাবেন সাধারণ জীবনযাপনের মধ্যেই থাকা সম্পর্কের জটিলতা এবং ভালোবাসার সূক্ষ্ম অনুভূতির নানা দিক। ‘সহযাত্রী’ রচনা করেছেন জোবায়েদ আহসান। গল্প ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি এখনই গল্পের বিস্তারিত প্রকাশ করতে চাইছেন না।
রাজ বলেন, ‘স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার দেয়া একটি বিশেষ ও অমূল্য সম্পর্ক। সংসারে তাদের একে অন্যের প্রতি ভালোবাসা, সম্মান ও মায়া-মমতার ওপরই সুখী দাম্পত্য গড়ে ওঠে। কিন্তু বাস্তবে এ অনুভূতিগুলো সবসময় প্রকাশ পায় না। এই ইউটিউব ফিল্মে আমরা দেখানোর চেষ্টা করেছি, সম্পর্কের মধ্যে এ অনুভূতিগুলো আছে কি নেই, তা কীভাবে প্রতিফলিত হয়। তবে গল্পটি একেবারেই বিরহমুখী নয়, বরং দর্শকরা এতে খুঁজে পাবেন হালকা বিদ্রূপাত্মক ছোঁয়া, যা গল্পকে আরো আকর্ষণীয় ও জীবন্ত করে তুলেছে।’
এই ইউটিউব ফিল্মের শুটিং হয়েছে ২২ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে। প্রধান দুই অভিনেতার পাশাপাশি এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এমএনইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর, এস এম আশরাফুল আলম সোহাগ, এবি রোকন, শম্পা, শেরতাজ জাহান জেবিন, সেলজুক তারিক আল হাশিমী, শফিজ মামুন এবং শামীম মোল্লা। চিত্রগ্রহণে রয়েছেন অভিজ্ঞ চিত্রগ্রাহক রাজু রাজ। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রাশেদ রাব্বি, যার কাজ গল্পের আবহকে আরো প্রাণবন্ত করেছে।
ফিল্মে একটি বিশেষ মৌলিক গান রয়েছে, যার শিরোনাম ‘আঘাত’। এটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান। গানের কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন শাহরিয়ার মার্সেল। গানটি গল্পের আবেগকে আরো গভীরভাবে ফুটিয়ে তুলেছে।










