কিছুদিন আগেই প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ইমরান। সঙ্গে ছিল তার ব্যান্ড আই কিংস। সিডনিতে ‘ফাগুন হাওয়া ফেস্ট ২০২৬’-এ তারা গানে গানে মুগ্ধতা ছড়ান। শো শেষে অস্ট্রেলিয়ার মেম্বার অব পার্লামেন্ট মার্ক কোর ইমরান ও তার ব্যান্ডকে একটি সম্মাননা সনদ প্রদান করেন। এবারই প্রথম বাংলাদেশের কোনো ব্যান্ড সিডনিতে সঠিক নিয়ম মেনে শোতে অংশ নেয়ার কারণে এ ধরনের সম্মাননায় ভূষিত হয়েছে।

এ বিষয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘সিডনিতে সফল শো শেষে এরই মধ্যে আমরা যুক্তরাষ্ট্রে জুলাইয়ে শোয়ের জন্য পুরো ব্যান্ডই ভিসা পেয়েছি। সিডনিতে এমপি মার্ক কোরের হাত থেকে সম্মাননা সূচক যে সার্টিফিকেট পেয়েছি, তা আমাদের জন্য সত্যিই অনেক বড় এক প্রাপ্তি। যারা সিডনিতে আমাদের শোয়ের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

ইমরান জানান, আগামী জুলাইয়ে তিনি ও তার ব্যান্ড খান মোহাম্মদ আলীর নিমন্ত্রণে ‘আনন্দ মেলা ২০০২৬’ অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণের পাশাপাশি তারা আরো ১৫-২০টি স্টেজ শোয়ে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে। এ নিয়ে ইমরান ও তার ব্যান্ড ভীষণ উচ্ছ্বসিত।

এ ব্যান্ডে লিড গিটারিস্ট রাজীব ঘোষ। তিনি বলেন, ‘আই কিংসের হয়ে দেশ-বিদেশে স্টেজ শোতে নিয়মিত অংশগ্রহণ করছি। এরই মধ্যে অস্ট্রেলিয়ার এমপি আমাদের যে সম্মাননা দিয়েছেন তা সত্যিই এক বড় অর্জন। আশা করছি জুলাইয়ে আমরা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করব। এখন শুধু জুলাইয়ের অপেক্ষায়।’ আই কিংসে আরো আছেন কি-বোর্ডে কাইয়ূম খান, ড্রামসে সজল কুমার সাহা ও বেস গিটারে জাহাঙ্গীর আলম জনি।