অভিনয়ে ধারাবাহিকভাবে নিজের অবস্থান তৈরি করছেন দীপা খন্দকার। টেলিভিশন, নাটক ও চলচ্চিত্র—সব মাধ্যমে তিনি সমান স্বচ্ছন্দে কাজ করছেন। সম্প্রতি মুরাদ পারভেজ রচিত ও পরিচালিত খণ্ড নাটক ‘শেষের গল্প’-এ অভিনয় করে দীপা দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। তার চরিত্রটি দর্শক বিশেষভাবে প্রশংসা করেছেন এবং অভিনয়ের জন্য তাকে অনেক ভালোবাসা জানিয়েছেন।
এরই ধারাবাহিকতায় একই নির্মাতার রচনায়, জিনাত তামান্নার পরিচালনায় নতুন নাটক ‘মধ্যবর্তিনী’-তে অভিনয় করেছেন দীপা। এবার তার সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা ও মডেল ইমতু রাতিশ, যিনি নাটকে চা বাগানের ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছেন। দীপাকে তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে। নাটকের শুটিং সম্প্রতি শ্রীমঙ্গলের রশিদপুর চা বাগানে সম্পন্ন হয়েছে এবং শিল্পীরা গতকাল সকালে ট্রেনে ঢাকায় ফিরেছেন।
দীপা খন্দকার জানান, ‘মুরাদ পারভেজের “শেষের গল্প”-এ অভিনয় করে অভূতপূর্ব সাড়া পেয়েছি। দর্শকরা আমার অভিনয় নিয়ে তাদের ভালো লাগা জানিয়েছেন। “মধ্যবর্তিনী”ও আমাদের জীবনেরই গল্প। স্বামী-স্ত্রীর মধ্যে তৃতীয় কারো প্রবেশের গল্প। পরিচালক যেহেতু নাট্যকার, তাই নাটকটি নির্মাণেও তার পূর্ণ মনোযোগ ছিল। ইমতু আমার সহশিল্পী হিসেবে চমৎকার অভিনয় করেছে। আমি “মধ্যবর্তিনী” নিয়েও ভীষণ আশাবাদী।’
ইমতু রাতিশ বলেন, ‘স্বামীর জীবনে আসা তৃতীয় নারীর আগমন নিয়ে স্বামী-স্ত্রীর সম্পর্কের দ্বন্দ্বকে ফুটিয়ে তোলা গল্প। অভিনয় করে আমার মনটা ভরে গেছে। মুরাদ ভাই, দীপা আপু, জিনাত তামান্না—সবাই ভীষণ সহযোগিতা করেছেন। লোকেশন, চরিত্র, গল্প—সবই দুর্দান্ত। এ ধরনের চরিত্রে কাজ করার মানসিক ক্ষুধা এবং শিল্পীসত্তার আনন্দ এখানে পেয়েছি।’
নাটকটি শিগগিরই প্রচারে আসবে। এছাড়া দীপা বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের কাজ করছেন। একই সঙ্গে তিনি বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমায়ও অভিনয় করছেন।










