জনপ্রিয় এ ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে অরিজিনাল ওয়েব ফিল্ম তাজমহল। সীমান্তের দুই প্রান্তের দুই মানুষের আবেগ, ভালোবাসা ও দূরত্বের গল্প নিয়ে নির্মাণ হয়েছে চলচ্চিত্রটি। নির্মাতাদের ভাষ্য, এটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং সম্পর্ক, অপেক্ষা ও আবেগের এক মানবিক উপাখ্যান।

এ ওয়েব ফিল্মের অন্যতম আকর্ষণ নতুন জুটি। প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের তরুণ অভিনেতা ফাইজুল ইয়ামিন এবং কলকাতার অভিনেত্রী সৃজা দত্ত। দুই বাংলার এ নতুন জুটিকে ঘিরে এরই মধ্যে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতাদের আশা, তাদের রসায়ন দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করবে।

বাংলাদেশের ওটিটি অঙ্গনে এটিই সৃজা দত্তর প্রথম কাজ। টালিউডের সুপার হিরো দেবের বিপরীতে ‘বাঘা যতিন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। পরে সৃজিত মুখার্জির টেক্কা ও হৈচৈয়ের ওয়েব সিরিজ ‘নিশির ডাক’-এ অভিনয় করে প্রশংসা পান। এবার বাংলাদেশের দর্শকের জন্য এক নতুন চরিত্রে হাজির হচ্ছেন তিনি।

অন্যদিকে ফায়জুল ইয়ামিন এরই মধ্যে নাটক ও ওটিটি অঙ্গনে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। রায়হান রাফীর ‘প্রেসার কুকার’-এ শাকিল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর ‘পেজ টার্নার’ ও ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’-এর মতো কাজেও সাবলীল অভিনয়ে দর্শকের নজর কাড়েন।

ওয়েব ফিল্মটির আরেকটি বড় আকর্ষণ পরিচালক ওয়াহিদ আনাম। দীর্ঘ ১১ বছর পর তিনি আবার পরিচালনায় ফিরছেন। ‘পাড়ি’, ‘ছিন্ন’ ও আলোচিত টেলিফিল্ম ‘চক্র’র মতো বাস্তবধর্মী কাজের জন্য পরিচিত এ নির্মাতা এবার নির্মাণ করেছেন ভিন্ন আবহের একটি রোমান্টিক গল্প। নির্মাতাদের বিশ্বাস, প্রেম, আবেগ ও দুই বাংলার শিল্পীদের উপস্থিতিতে ‘তাজমহল’ ঈদের দর্শকের জন্য হয়ে উঠবে বিশেষ এক অভিজ্ঞতা।