২০২৪ সালের অক্টোবরে ধর্মা প্রডাকশনস তার শেয়ার বিক্রি করে। সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালার কাছে করণ জোহর তাদের প্রডাকশন হাউজের ৫০ শতাংশ শেয়ার বিক্রি করেছিলেন। সে খবর ছিল বলিউডে অত্যন্ত আলোচিত। এবার তেমনই আরেকটি বড় খবর সামনে এসেছে। ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট নাকি হলিউডের জায়ান্ট ইউনিভার্সাল স্টুডিওজের সঙ্গে অংশীদারত্বে যাচ্ছে।
মিড-ডে পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বাজারে প্রবেশে আগ্রহী ইউনিভার্সাল স্টুডিওজ বেশ কিছুদিন ধরেই এক্সেলের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইউনিভার্সাল স্টুডিওজ এক্সেল এন্টারটেইনমেন্টে সংখ্যালঘু শেয়ার অধিগ্রহণ করেছে, যদিও সংস্থার মূল নিয়ন্ত্রণ এখনো ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানির হাতেই রয়েছে। এক সূত্রের কথায়, ‘ভবিষ্যতে এক্সেল বড় পরিসরে কাজ করতে চায়। বেশ কিছু বড় আইডিয়া এখন পরিকল্পনার পর্যায়ে রয়েছে।’
২০০১ সালে ‘দিল চাহতা হ্যায়’ সিনেমার মাধ্যমে এক্সেল এন্টারটেইনমেন্টের যাত্রা শুরু হয়। এরপর ‘লক্ষ্য’, ‘ডন’, ‘রক অন!!’, ‘লাক বাই চান্স’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ফুকরে’ ও ‘গাল্লি বয়’-এর মতো একাধিক উল্লেখযোগ্য সিনেমা প্রযোজনা করেছে এ স্টুডিও।
২০২৫ সালে এক্সেলের তিনটি বড় থিয়েটার রিলিজ ছিল। রীমা কাগতির ‘সুপারবয়েজ অব মালেগাঁও’, ইমরান হাশমির ‘গ্রাউন্ড জিরো’ ও ফারহান আখতার অভিনীত ‘১২০ বাহাদুর’। তবে বক্স অফিসে কোনোটিই প্রত্যাশিত সাফল্য পায়নি। সামনে জনপ্রিয় ওয়েব সিরিজকে বড় পর্দায় আনার পরিকল্পনায় রয়েছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’। অন্যদিকে বহুল প্রতীক্ষিত ‘ডন থ্রি’ ও ‘জি লে জারা’ এখনো অনিশ্চয়তায়, বিশেষ করে ডন থ্রির শুটিং আবারো পিছিয়ে যাওয়ার খবর এসেছে।
এক্সেলের ২০ বছর পূর্তিতে ফারহান আখতার ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমরা শুধু দিল চাহতা হ্যায় বানাতে চেয়েছিলাম। কিন্তু জীবন অন্য কিছু পরিকল্পনা করেছিল। দর্শকের ভালোবাসাই আমাদের স্বপ্নকে ডানা দিয়েছে।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










