বলিউডের নতুন হরর-কমেডি থাম্মা। সিনেমাটিতে অভিনয় করেছেন রাশমিকা মানদানা ও আয়ুষ্মান খুরানা। সম্প্রতি এ সিনেমার মিউজিক লঞ্চ হলো। এতে অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাশমিকা সংগীত পরিচালক সাচিন সংঘভি ও জিগর সারাইয়া (সাচিন-জিগর), গায়ক দিব্য কুমার ও জাসমিন স্যান্ডলাস, প্রযোজক অমর কৌশিক এবং পরিচালক আদিত্য সরপোতদার।

গানে পারফর্ম করেছেন মালাইকা অরোরাও। অনুষ্ঠানটিকে কাজে লাগিয়ে সিনেমার প্রতিটি গান লাইভ পারফর্ম করা হয় এবং সেগুলোর সঙ্গে জড়িত নানা মজার তথ্যও শেয়ার করা হয়। সেখানেই রাশমিকা জানালেন ফ্র্যাকচার থেকে উঠে গানের শুটিং করেছিলেন।

‘তুম মেরে না হুয়ে’ গান নিয়ে কথা উঠলে রাশমিকা বলেন, ‘সাচিন-জিগর বারবার বলছিলেন সংগীত নাকি হাওয়া থেকে বেরিয়ে আসে। আর ‘তুম মেরে না হুয়ে’ গানটা আমার কাছে সত্যিই যেন হাওয়া থেকেই এসেছে। একদিন অমর স্যার, আদিত্য স্যার ও দীনেশ স্যার (প্রযোজক দীনেশ ভিজান) শুটিং সেটে বসেছিলেন আর বললেন, ‘একটা আইডিয়া আছে, একটা গান শুট করি না কেন?’ এটা এমনই ছিল। আমি বললাম, ‘করে ফেলি’। তখনো জানতাম না আমি কী করতে যাচ্ছি ।’

তিনি আরো বলেন, ‘আমি তখন মাত্র তিন মাস আগে একটা ফ্র্যাকচার থেকে সেরে উঠেছি। তারা বলল, ‘তুম মেরে না হুয়ে’ গানটার জন্য ভিডিও শুট করতে চায়। আমি ভাবলাম, ‘ঠিক আছে, কিন্তু এ গানে আমি নাচব কীভাবে?’ কারণ এটা একটা হার্টব্রেক ধরনের গান। তবে অবাক করার মতো তারা এ গানের জন্য একটা ড্যান্স তৈরি করল।’

গানের দর্শক প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করে বলেন, ‘আজ যখন এর ফলাফল দেখছি, খুব ভালো লাগছে। আমি চেয়েছিলাম আমার দর্শকদের চমকে দিতে, যাতে তারা বুঝতেই না পারে কী আসছে। আমার মনে হয় ম্যাডক ফিল্মস এ ধরনের চমক দেয়ার জন্য একদম সেরা প্লাটফর্ম।’

সূত্র: বলিউড হাঙ্গামা