গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তানিম নূর নির্মিত সিনেমা উৎসব। মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়। সে সাফল্যের ধারাবাহিকতায় এবার হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। সিনেমার নাম ‘বনলতা এক্সপ্রেস’।

আগেই জানা গিয়েছিল, এ সিনেমায় অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর। শনিবার আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো অভিনয়শিল্পী দলের পরিচয় করিয়ে দেয়া হয়। এতে আরো রয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার ও শ্যামল মাওলা।

হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাসের গল্পে দেখা যায়, অসুস্থ মামাকে দেখতে ট্রেনে করে দিনাজপুর যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা। সে ট্রেনযাত্রার নানা অভিজ্ঞতাকে কেন্দ্র করেই এগিয়ে যায় কাহিনী। নির্মাতা তানিম নূর মূল গল্পটি পর্দায় তুলে ধরেছেন, তবে সিনেমার প্রয়োজনে থাকছে কিছু সংযোজন ও পরিমার্জন। থাকছে নতুন চমকও। সে চমক কী, তা জানা যাবে বনলতা এক্সপ্রেস মুক্তির পর। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই ঢাকায় শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। চিত্রা চরিত্রে অভিনয় করবেন সাবিলা নূর। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে পারিবারিক গল্পের উৎসব সিনেমায় একঝাঁক জনপ্রিয় তারকাকে নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছিলেন তানিম নূর। এবারো তারকাসমৃদ্ধ একটি পারিবারিক গল্পের সিনেমা নিয়ে দর্শকের কাছে আসার প্রস্তুতি তার। বনলতা এক্সপ্রেস প্রসঙ্গে নির্মাতা তানিম নূর বলেন, ‘উৎসব শেষ করার পর নতুন সিনেমা নিয়ে যখন ভাবছিলাম, তখন অনেকেই আরেকটি পারিবারিক গল্প করার পরামর্শ দেন। তখন মনে হলো, হুমায়ূন আহমেদের কোনো গল্প নিয়ে কাজ করা যেতে পারে। সে ভাবনা থেকেই কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বনলতা এক্সপ্রেস নির্মাণের প্রস্তুতি শুরু করি।’

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘চরিত্রের প্রেমে পড়েই এ সিনেমায় যুক্ত হওয়া। চিত্রনাট্য ও সংলাপ আমার ভীষণ ভালো লেগেছে। হুমায়ূন আহমেদের এ উপন্যাস আগেই পড়া, সেটার প্রতিও আলাদা ভালোবাসা আছে। এখানে আমার সহশিল্পীরা অনেক দিনের পরিচিত। সবাই মিলে একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

চঞ্চল চৌধুরী বলেন, ‘তানিম নূরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, সিনেমাটি সবার ভালো লাগবে। হুমায়ূন আহমেদের গল্প থেকে সিনেমা, বিষয়টি দর্শকের আগ্রহ যেমন বাড়িয়েছে, তেমনি অভিনেতা হিসেবে আমরাও একটি ভালো কাজের অংশ হতে অধীর হয়ে আছি।’

আজমেরী হক বাঁধন বলেন, ‘এ সিনেমার নির্মাতা ও সহশিল্পীরা আমার খুবই পছন্দের। তানিম নূর যখন চরিত্রটির কথা বললেন, তখন আমার মেয়ে বলেছে, ‘‘তুমি এটা করো।’’ কারণ আমাকে নাকি সবসময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। হুমায়ূন আহমেদ যে আমার কত প্রিয়, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি, যা আমার কাছে বিশেষ কিছু।’