অর্ধযুগ পর নতুন মৌলিক গান নিয়ে এলেন গুণী শিল্পী রুমানা রশীদ ঈশিতা। ২০১৮ সালে প্রকাশিত ‘আমার অভিমান’ ছিল তার সর্বশেষ মৌলিক গান। দীর্ঘ বিরতির পর এবার তার কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘রুপোর ঝলক’।
গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন অমিত চ্যাটার্জি ও ঈশান মিত্র। রুপোর ঝলক গানটি ব্যবহার করা হয়েছে তানিম রহমান অংশু পরিচালিত ইউটিউব ফিল্ম ‘নসিব’-এ, যেটি ইউটিউবে মুক্তি পেয়েছে ১০ জুলাই। এরই মধ্যে গানটি শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেতে শুরু করেছে।
ঈশিতা জানান, গানটি রেকর্ড করা হয়েছিল দুই বছরের বেশি সময় আগে, যখন তিনি ‘কেন’ টেলিফিল্মে অভিনয় করছিলেন। সে সময়ই এ গানের প্রস্তাব পান। ‘গানটি শুনেই ভালো লেগেছিল। এ গানের লেখক অনেকেরই প্রিয়, আমারও। তাই যখন আমাকে প্রস্তাব দেয়া হয়, আমি খুব সম্মানিত বোধ করি।’ ব্যক্তিগত ব্যস্ততার কারণে গানটির প্রকাশ বিলম্বিত হয়। সম্প্রতি নসিব ফিল্মে এটি ব্যবহারের প্রস্তাব পেয়ে রাজি হন ঈশিতা। তিনি বলেন, ‘গানটি প্রকাশের পর থেকে ভালোই সাড়া পাচ্ছি। মনে হচ্ছে আবার নতুন কিছু গান করার সময় এসেছে।’
উল্লেখ্য, শহীদুজ্জামান শাওনের গল্পে ও মাহমুদুর রহমান হিমি পরিচালিত টেলিফিল্ম কেন-তে ঈশিতার অভিনয় ছিল দর্শকনন্দিত। সেখানে তার সহশিল্পী ছিলেন আফরান নিশো, মেহজাবীন ও তৌসিফ মাহবুব।
ঈশিতার সর্বশেষ গাওয়া মৌলিক গান ‘আমার অভিমান’ লিখেছিলেন ও সুর করেছিলেন লুৎফর হাসান।










