এই সময়ে বেছে অভিনয় করছেন অহনা রহমান। তার সাম্প্রতিক কাজের ধারাবাহিকতায় নাট্যনির্মাতা মহিন খানের রচনা ও পরিচালনায় তৈরি হয়েছে ‘পতন’ শিরোনামের একটি নাটক।

নাটকের গল্প প্রসঙ্গে মহিন খান বলেন, ‘ফেসবুকের একটি পোস্ট থেকে গল্পের ভাবনাটি নেয়া হয়েছে। গল্পে দেখা যাবে অহনার স্বামীর সঙ্গে সুখের সংসার। কিন্তু একসময় অহনা চাকরি করতে চায়। স্বামী তার আবদার মেনে নিয়ে ৫ লাখ টাকা ম্যানেজ করে তাকে ব্যাংকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়। চাকরি পাওয়ার পর অহনার আচরণ বদলে যায়। সে স্বামীর সঙ্গে সংসার করতে চায় না। কিন্তু কিছুদিন পর চাকরিটা চলে যায় এবং তখনই অহনা নিজের জীবনের বাস্তবতা উপলব্ধি করে। এমনই গল্প নিয়ে নির্মাণ হয়েছে নাটকটি।’

অহনা বলেন, ‘মহিনের নির্দেশনায় এর আগেও আমি কিছু নাটকে কাজ করেছি। তবে পতনের গল্প ভাবনা ও চিত্রনাট্য এক কথায় দারুণ হয়েছে। আমি আমার চরিত্রে যথাযথভাবে অভিনয় করার চেষ্টা করেছি। ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলেই আমি চেষ্টা করি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। পতনেও ঠিক তাই হয়েছে। আশা করছি, দর্শক নাটকটি উপভোগ করবে। ধন্যবাদ মহিনকে আমাকে এমন সুন্দর চরিত্রে কাজ করার সুযোগ দেয়ার জন্য।’

অহনা অভিনীত প্রথম সিনেমা ছিল ‘চাকরের প্রেম’, যেখানে তিনি আমিন খানের বিপরীতে অভিনয় করেছিলেন। সর্বশেষ তাকে সাইমন সাদিকের বিপরীতে ‘চোখের দেখা’ সিনেমায় দেখা গেছে।

মহিন খান জানান, পতন নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।