বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। বয়স হলেও তিনি নিয়মিত অভিনয়ে এখনো ব্যস্ত সময় পার করছেন। খ্যাতিমান এ অভিনেত্রীর সঙ্গে নাটকে অভিনয়ের স্বপ্ন দেখেন এ প্রজন্মের শিল্পীরা। কারো কারো সে স্বপ্ন পূরণ হয়, কারো আবার অধরাই থেকে যায়।
নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলার ডলি জহুরের সঙ্গে অভিনয় করার স্বপ্ন অনেক দিনের। অবশেষে সে সুযোগ হয়েছে তার। রেজাউর রহমান ইজাজের রচনায় ‘বসন্ত এসে গেছে’ শীর্ষক একটি নাটকে কাঙ্ক্ষিত শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে শিউলী শিলার।
নাটকটি পরিচালনা করেছেন হাসান শিকদার। সম্প্রতি রাজধানীর কাছেই উলুখোলায় এ নাটকের দৃশ্যধারণ শুরু হয়েছে। নাটকটিতে শিউলী শিলার শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। ডলি জহুরের ছেলের চরিত্রে আছেন শফিউল আলম বাবু। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন শিউলী শিলা। নাটকে শিলার চরিত্রের নাম নীলু। আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারের কথা রয়েছে।
ডলি জহুরের সঙ্গে প্রথম কোনো নাটকে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত শিউলী শিলা। এ নাটকে অভিনয় করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘গল্পটা ভালো লেগেছে। তাই এতে অভিনয় করছি। নতুন নতুন ছেলেমেয়েদের সঙ্গে কাজ করে ভালো লাগছে।’
শিউলী শিলা বলেন, ‘অভিনয় জীবনের পথচলায় অনেক কিংবদন্তি শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে। কিন্তু এর আগে শ্রদ্ধেয় ডলি জহুর আন্টির সঙ্গে কোনো নাটকে বা সিনেমায় অভিনয় করার সুযোগ হয়নি। এবারই প্রথম তার সঙ্গে অভিনয় করছি। ডলি আন্টির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত। এ আনন্দ-উচ্ছ্বাস ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ সেই ছোটবেলা থেকেই তার অভিনয় দেখে আসছি। তার অভিনয়ে মুগ্ধ হয়েছি। মনে মনে স্বপ্ন দেখতাম তার সঙ্গে অভিনয় করার। অবশেষে সে সুযোগ চলে এল। চেষ্টা করেছি তার সঙ্গে মন দিয়ে কাজ করার। এত বড় মাপের একজন অভিনেত্রী হয়েও তিনি অতি সাধারণ। তার কথাবার্তা, তার আচরণে মুগ্ধ আমি। সত্যিই তার কাছে অনেক কিছুই শেখার আছে।’
ডলি জহুরের সঙ্গে অভিনয় করার সুযোগ দেয়ার জন্য পরিচালক হাসান শিকদারকে কৃতজ্ঞতা জানান শিউলী শিলা।










