চলচ্চিত্র ও বিজ্ঞাপনের পরিচিত মুখ বিদ্যা সিনহা মিম। বড় পর্দায় একের পর এক সফল কাজের মাধ্যমে নিজেকে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। গ্ল্যামার, অভিনয় দক্ষতা ও দর্শকপ্রিয়তা সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে আলোচিত মিম। এবার এ অভিনেত্রী প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকির একটি অরিজিনাল ফিল্মে।
১৩ ডিসেম্বর নাম চূড়ান্ত না হওয়া চরকি অরিজিনাল ফিল্মে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন বিদ্যা সিনহা মিম। ফিল্মটি পরিচালনা করছেন কাজী আসাদ। এর আগে তিনি মোশাররফ করিমকে নিয়ে চরকি অরিজিনাল সিরিজ আধুনিক বাংলা হোটেল নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিলেন।
নির্মাতা কাজী আসাদ জানান, এটি একটি ইমোশনাল গল্পের ফিল্ম। চলতি মাসের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু হবে। তিনি বলেন, ‘বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী। দর্শক সাধারণত তাকে গ্ল্যামার লুকেই দেখে থাকে। তবে এ ফিল্মে তাকে ভেঙে নতুন ধরনের একটি চরিত্রে উপস্থাপন করার চেষ্টা থাকবে। এ চ্যালেঞ্জই আমাদের আগ্রহের জায়গা। দর্শক ফলাফল দেখলে কথা মিলিয়ে নিতে পারবে বলে আমি আশা করছি।
চরকির সঙ্গে এটি নির্মাতা কাজী আসাদের দ্বিতীয় কাজ। প্রথমটি ছিল একটি সিরিজ আর দ্বিতীয়টি হচ্ছে ফিল্ম। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘চরকির সঙ্গে কাজ করার সবচেয়ে বড় আনন্দ হচ্ছে স্বাধীনতা। আগের কাজের অভিজ্ঞতা থেকে আশা করছি ভবিষ্যতের কাজেও এর ব্যতিক্রম হবে না।’
১৩ ডিসেম্বর দুপুরে চরকি কার্যালয়ে চুক্তি স্বাক্ষরের সময় চরকির পক্ষে উপস্থিত ছিলেন প্লাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘চরকিতে মিমের যাত্রা শুরু হচ্ছে একজন মেধাবী নির্মাতার সম্ভাবনাময় একটি ফিল্মের মাধ্যমে। বড় পর্দায় মিম মানেই দর্শকের ব্যাপক সাড়া। এবারো দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। বিদ্যা সিনহা মিমকে চরকিতে স্বাগত ও শুভকামনা।’
চুক্তিবদ্ধ হওয়ার পর স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। কারণ গল্পটি তার কাছে ভালো লেগেছে। এ গল্পের কারণেই বেশ কিছুদিন ধরে নতুন কোনো কাজে যুক্ত হননি তিনি। মিম জানান, নিয়মিতভাবেই কাজের প্রস্তাব আসে, তবে গল্প বা আনুষঙ্গিক বিষয়গুলো পছন্দ না হওয়ায় অনেক কাজই করা হয়নি। তিনি বলেন, ‘অনেকেই জানতে চান, কেন কাজ কম করছি। কারণ একটাই, মনের মতো গল্প পাচ্ছিলাম না। কাজী আসাদ যখন এর গল্প শোনালেন আর চরকিতে তার আগের কাজ দেখলাম, তখন মনে হলো কাজটি করা দরকার।’
এ ফিল্মে মিম কেমন চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে ইঙ্গিত দিয়ে বলেছেন, গল্পে দারুণ কিছু থাকবে এবং সেটি তার চরিত্রের জার্নির মধ্য দিয়েই ফুটে উঠবে। মিম বলেন, ‘চরকি দেশের একটি বড় প্লাটফর্ম। এখানকার সিরিজ ও ফিল্ম আমি নিয়মিত দেখি। তাদের কাজ ভালো লাগে। আশা করছি, চরকিতে আমার প্রথম কাজটি দর্শকের ভালো লাগবে।
এদিকে দর্শকের জন্য আরো সুখবর দিয়েছেন মিম। তিনি জানিয়েছেন, ২০২৬ সালে তার আরো কিছু নতুন কাজের ঘোষণা আসবে।
নাম চূড়ান্ত না হওয়া এ চরকি অরিজিনাল ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। নির্মাতার সঙ্গে চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর। ফিল্মটিতে এরই মধ্যে আরো বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।










