আজ ২৫ ডিসেম্বর, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। এ উপলক্ষে দিনব্যাপী বিটিভির বিভিন্ন প্রোগ্রামে থাকছে বিশেষ অনুষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিত্ব ও তারকার শুভেচ্ছাবার্তা এবং বিটিভির দীর্ঘ পথচলার ইতিহাসকে তুলে ধরা প্রামাণ্য অনুষ্ঠান ‘ডিইটি থেকে রামপুরা’। পাশাপাশি বিটিভির আর্কাইভ থেকে প্রচার হবে জনপ্রিয় শিল্পীদের গানভিত্তিক অনুষ্ঠান ও নাটক। চট্টগ্রাম কেন্দ্র থেকেও সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।
বিটিভি প্রাঙ্গণ ও স্টুডিও থেকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিটিভির নিজস্ব শিল্পী ও কলাকুশলীর সঙ্গে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিটিভির কর্মচারীরা অংশগ্রহণ করবেন। অতিথিরা অনুষ্ঠানে বিটিভির নতুন স্মৃতিচারণও উপভোগ করতে পারবেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে। এছাড়া রাত ১১টায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে গানভিত্তিক অনুষ্ঠান ‘সুর সাগর’।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো, মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন কেবল একটি সম্প্রচারমাধ্যম নয়; এটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের অংশ। ৬১ বছরের পথচলায় বিটিভি জাতীয় গুরুত্বপূর্ণ সব মুহূর্তের সাক্ষী ও সহযাত্রী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত উৎকর্ষ এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে বিটিভি ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসার গণমাধ্যম হয়ে থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিটিভি-সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
উল্লেখ্য, ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিইটি ভবনের নকচিলায় বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে নতুনভাবে কার্যক্রম শুরু করে বিটিভি। ১৯৭৫ সালে ডিইটি ভবন থেকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়। ১৯৮০ সালে রঙিন সম্প্রচার শুরু করে নতুন যুগে প্রবেশ করে। বর্তমানে বিটিভি এইচডি ফরম্যাটে টিরেস্ট্রিয়াল, স্যাটেলাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল অ্যাপের মাধ্যমে দর্শকদের কাছে অনুষ্ঠান পৌঁছে দিচ্ছে।










