আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে রাজধানীর কলাবাগানে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমধর্মী এক আয়োজন। সৃজনশীল শিক্ষামূলক প্রতিষ্ঠান চারুপুথির আয়োজনে এবং ইনভেন্টরস পাপেটের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এ আয়োজনে প্রধান আকর্ষণ ছিল প্রায় পাঁচ হাজার ফিট দৈর্ঘ্যের কাগজে শিশুদের আঁকা ছবি, যেখানে তারা ফুটিয়ে তোলে সুন্দরবনের প্রকৃতি, প্রাণিজগৎ ও রয়েল বেঙ্গল টাইগারের চিত্র। এ কর্মসূচি শুধুই একদিনের নয়—এটি বছরব্যাপী চলবে এবং আগামী বছর আন্তর্জাতিক বাঘ দিবসে শেষ হবে। চূড়ান্তভাবে রোলটি জমা দেয়া হবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

এছাড়া আয়োজনের অংশ হিসেবে ছিল পাপেট শো, নানা সাংস্কৃতিক পরিবেশনা, গান, গল্প ও নাটকের মাধ্যমে পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষার বার্তা দেয়া হয় শিশু-কিশোরদের কাছে।

7

আয়োজনের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘প্রকৃতির প্রতিটি উপাদান আমাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবনের গাছ, প্রাণী ও বাঘ রক্ষায় আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসা উচিত।’"

বিশেষ অতিথি ছিলেন ওয়াইল্ডটিমের সিইও অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও তানভীর হায়দার চৌধুরী ও কলাবাগান স্পোর্টস ক্লাবের সভাপতি।

এ বৃহৎ কাগজের রোলটি পরবর্তী সময়ে একটি ক্যারাভ্যান ভ্যানের মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে নিয়ে যাওয়া হবে। সেখানে স্থানীয় শিশুদের অংশগ্রহণে যুক্ত হবে আরো নতুন ছবি। এ ধারাবাহিকতায় দেশের নানা প্রান্তের শিশু-কিশোররা একযোগে যুক্ত হবে একটি বিশাল পরিবেশ ও প্রাণপ্রেমী শিল্পযজ্ঞে।

আয়োজকদের ভাষ্যমতে, এ উদ্যোগের মাধ্যমে শুধু শিশু নয়—সব বয়সী মানুষকে পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় সচেতন করা হচ্ছে। শিল্প, সংস্কৃতি ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে তারা ভবিষ্যতের জন্য একটি ন্যায্য, নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে চায়।