বাংলাদেশের স্বল্প বাজেটের স্বাধীন ধারার চলচ্চিত্র ‘মাস্তুল’ এবার জায়গা করে নিয়েছে আরো একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। ভারতের কলকাতায় আয়োজিত চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।
আগামী ১৫-২১ আগস্ট পর্যন্ত কলকাতার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র ‘নন্দন’-এ অনুষ্ঠিত হবে এ উৎসব। আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া (এফএফএসআই)। আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এশিয়া-প্যাসিফিক শাখার সহযোগিতায় উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর উৎসবে তিনটি বিভাগের আওতায় প্রদর্শিত হবে ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ বেশকিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র।
‘মাস্তুল’ এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছে। এর আগে সিনেমাটি রাশিয়ার মস্কো ও চেবক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। পাশাপাশি আসন্ন ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে সিনেমাটি।
সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কিনা সে বিষয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আমরা চাই স্পেনের ইমাজিন ইন্ডিয়া উৎসবে অংশগ্রহণের আগেই দেশের দর্শকদের “মাস্তুল” দেখাতে। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি।’
ভাসমান মানুষের জীবনগাথা নিয়ে নির্মিত ‘মাস্তুল’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা।










