অবশেষে মুক্তির তারিখ ঘোষণা হলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’-এর। জনপ্রিয় নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় নির্মিত সিনেমাটি ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও নানা কারণে এতদিন প্রেক্ষাগৃহে আসেনি। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৬ সেপ্টেম্বর দুর্গা পূজার উৎসব মৌসুমে দেশজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অফিশিয়াল পোস্টারের মাধ্যমে মুক্তির তারিখ নিশ্চিত করেন পরিচালক মানিক। তিনি বলেন, ‘‌সিনেমাটি মুক্তির ব্যাপারে আমরা আগেই প্রযোজক সমিতির অনুমোদন নিয়েছি। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গেও আলোচনা হয়েছে। সামনের সপ্তাহেই শুরু হবে হল বুকিংয়ের প্রক্রিয়া।’

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নতুন প্রজন্মের নায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। দর্শকের কাছে এ জুটির কেমিস্ট্রি কেমন লাগে, সেটিই এখন দেখার অপেক্ষা। তবে মুক্তির তারিখ ঘোষণার পরও সিনেমার প্রচারণায় তাদের সক্রিয় কোনো অংশগ্রহণ না থাকায় ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে তাদের কোনো পোস্ট চোখে পড়েনি।

গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। পরিবারকেন্দ্রিক গল্পে তৈরি হয়েছে সিনেমাটি। প্রযোজনা করেছে এমএস মুভিজ। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অভিজ্ঞ অভিনেতা আলীরাজ, তরুণ শিল্পী মারুফ আকিব, অভিনেত্রী রেবেকা, জনপ্রিয় কৌতুক অভিনেতা চিকন আলীসহ অনেকে।

দুর্গা পূজার মতো উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার বিষয়ে নির্মাতা ও প্রযোজকরা আশাবাদী, সিনেমাটি দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলবে। এদিকে দীর্ঘদিন প্রেক্ষাগৃহে তেমন উল্লেখযোগ্য সিনেমা না আসায় ব্যবসায়ীরাও স্বপ্নে দেখা রাজকন্যা নিয়ে আশান্বিত।