১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইতে সম্প্রচার হবে ফরিদুর রেজা সাগরের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প অবলম্বনে নির্মিত জনপ্রিয় ‘বাড়ি’ সিরিজের নতুন নাটক ‘ডাক্তার বাড়ি’। কুড়ি বছরের বেশি সময় ধরে বাড়ি সিরিজ ধারাবাহিকভাবে দর্শকের মন জয় করে আসছে। এবারের নাটকও সে ধারাবাহিকতারই অংশ।
নাটকটিতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, যা অনেক দিন পর মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে তার একটি বিশেষ উপস্থিতি। গল্পে দেখা যাবে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গ্রামের একটি বাড়ি কীভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র মল্লিকা, পেশায় একজন ডাক্তার। তার বাবাকে জানানো ছাড়াই সে দুই মুক্তিযোদ্ধাকে বাড়িতে আশ্রয় দেয়। একসময় রাজাকাররা ডাক্তারকে হুমকি দেয় এবং বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে বলে। এতে ডাক্তার ভয় পেলেও মল্লিকা তার বাবাকে বোঝাতে সক্ষম হয় একটি দিন অপেক্ষা করার জন্য।
নাটকে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, বাবার চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া এবং অন্য একটি চরিত্রে দেখা যাবে রিয়া মনিকে। নাটকের চিত্রনাট্য রচনা করেছেন রাজু আলীম, এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি সম্প্রচার হবে।










