ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ইয়ামিন হক ববি। বর্তমানে তিনি অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। বেশ কিছুদিন ধরে তিনি সেখানে সময় কাটাচ্ছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। দেশ থেকে দূরে থাকলেও নিজের অস্তিত্ব ভুলে যাননি এ অভিনেত্রী। সিডনির মনোমুগ্ধকর প্রকৃতি, সমুদ্রতীর, আধুনিক স্থাপত্য ও পারিবারিক আনন্দের মুহূর্তগুলো নিয়মিতই ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, কখনো সমুদ্রের ধারে হাঁটছেন, কখনো পাহাড়ি পথে ক্যাজুয়াল পোশাকে ধরা দিচ্ছেন ববি। এমন ভ্রমণ আর পারিবারিক সময় কাটানোর ছবিগুলো দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন—ববি কি তাহলে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় থেকেই যাচ্ছেন?
এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা চায় আমি এখানে স্থায়ী হই। কিন্তু দেশ আমার সবসময় ভালো লাগে। দেশ ছেড়ে কোথাও স্থায়ী হওয়ার ইচ্ছা কখনই হয়নি। এখন পর্যন্ত তেমন কোনো চিন্তাও করিনি।’
অভিনয়ে সক্রিয় না থাকলেও ববি জানালেন, দেশে ফিরে শিগগিরই আবারো সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়বেন।
তার ভাষায়, ‘এখান থেকেই কয়েকটি বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছি। দেশে ফিরেই পুরোদমে কাজে নেমে পড়ব।’
উল্লেখ্য, ববির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ময়ুরাক্ষী’, যা গত বছরের ঈদে প্রেক্ষাগৃহে আসে। এর পর থেকে তাকে নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও পিছিয়ে নেই তিনি। শেষ করেছেন কে এ নিলয় পরিচালিত ‘বউ’ এবং অনিক বিশ্বাসের পরিচালনায় ‘শিরোনাম’ নামের দুটি সিনেমার কাজ। এছাড়া ‘দিওয়ানা’ ও ‘তছনছ’ শিরোনামের আরো দুটি সিনেমার কাজ রয়েছে হাতে। বর্তমানে বিদেশে থাকলেও অভিনয়ের প্রতি ভালোবাসা ও দেশের প্রতি টান যেন ববিকে চিরকালই বাংলা চলচ্চিত্রের সঙ্গে বেঁধে রেখেছে।










