আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে পিকাসো খুদার রচনায় মারুফুর রহমানের পরিচালনায় নতুন নাটক ‘দ্বিপ্রহর’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও আইশা খান।
নাটকের গল্প আবর্তিত হয়েছে রাহাতকে ঘিরে। সে শহরে থাকে এবং পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় দিন কাটায়। ছোটবেলাতেই বাবাকে হারানো রাহাতের মা থাকেন গ্রামে। চাকরি হলে মাকে চমক দিতে গ্রামে ফিরে যায় রাহাত। একই গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ে মিতুর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। রাহাতের চাকরির খবরে স্বস্তি পায় মিতুও।
ছেলের বিয়ের কথা ভাবতে শুরু করেন রাহাতের মা। তখন রাহাত তার মাকে মিতুকে পছন্দ করার কথা জানায়। মায়ের সরাসরি আপত্তি না থাকলেও মনে মনে তিনি চিন্তিত হয়ে পড়েন। কারণ মিতুর পরিবার রাহাতদের তুলনায় অনেক বেশি অবস্থাসম্পন্ন। তবুও ছেলের কথা ভেবে তিনি বিয়ের প্রস্তাব নিয়ে মিতুদের বাড়ি যান।
মিতুর বাবা বিয়েতে আপত্তি না করলেও পারিবারিক রীতির কথা বলে মেয়েকে ১০ ভরি স্বর্ণ দেয়ার শর্ত দেন। ছেলের ভবিষ্যতের কথা ভেবে রাহাতের মা তাতেও রাজি হয়ে যান এবং বিয়ের দিনক্ষণ ঠিক হয়। কিন্তু বাবার রেখে যাওয়া জমানো টাকা খরচ করে বিয়ে করতে রাজি হতে পারে না রাহাত। মিতুও তার বাবার এ দাবিতে মন থেকে সায় দেয় না।
ভালোবাসা, পারিবারিক মর্যাদা আর বাস্তবতার টানাপড়েনে শেষ পর্যন্ত কি রাহাত ও মিতুর বিয়ে হবে—সেই প্রশ্নের উত্তর মিলবে নাটক দ্বিপ্রহরে।










