হলিউডের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা জ্যাকব এলর্দি। ইউফোরিয়া টেলিভিশন সিরিজ ও সল্টবার্ন–সিনেমায় আলোচিত কাজের পর এবার তাকে দেখা যাবে ক্লাসিক সাহিত্য অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামা ওয়েদারিং হাইটস-এ। এমিলি ব্রন্টের বিখ্যাত উপন্যাস থেকে অনুপ্রাণিত এ ছবিতে তার বিপরীতে রয়েছেন অস্কার মনোনীত অভিনেত্রী মার্গট রবি। মুক্তির আগেই ছবিটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। সেই আলোচনার মধ্যেই শুটিং চলাকালীন গুরুতর দুর্ঘটনার অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন জ্যাকব এলর্দি।
সম্প্রতি এসকোয়ার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, শুটিংয়ের মাঝেই তিনি দ্বিতীয় মাত্রার দগ্ধ হয়ে আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। জ্যাকব বলেন, ‘যদি ড্যানিয়েল ডে-লুইস হিথক্লিফ চরিত্রে অভিনয় করতেন, তাহলে তিনি নিশ্চয়ই দাগ নিয়ে সেটে ফিরতেন। মজা করে আমি বলেছিলাম, প্রমাণ করার জন্য আমিও নিজেকে আহত করব।’
ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, শুটিং চলাকালে যে বাড়িতে তিনি থাকছিলেন, সেখানে একটি স্টিম শাওয়ার ছিল। পা পরিষ্কার করতে গিয়ে পেছনে হেলে পড়ার সময় তার পিঠ গরম বাষ্প বের হওয়া পিতলের নলের সঙ্গে লেগে যায়। তিনি বলেন, ‘তখন তীব্র যন্ত্রণায় আমি চিৎকার করে উঠি। পিঠের চামড়া পুড়ে যায়।’ পরে জানা যায়, তিনি দ্বিতীয় মাত্রায় দগ্ধ হয়েছেন।
তিনি আরো জানান, আগের একটি ছবিতে মেকআপ পরিষ্কার না করার অভ্যাস থেকে শিক্ষা নিয়েই তিনি প্রতিদিন নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছিলেন। তবে সেই সিদ্ধান্তই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
এমেরাল্ড ফেনেল পরিচালিত ওয়েদারিং হাইটস-এ ক্যাথরিন আর্নশোর চরিত্রে অভিনয় করেছেন মার্গট রবি এবং হিথক্লিফের ভূমিকায় রয়েছেন জ্যাকব এলর্দি। ছবিতে আরো অভিনয় করেছেন হং চাউ, শাজাস লতিফ, অ্যালিসন অলিভার, মার্টিন ক্লুনস ও ইউয়ান মিচেল।
লস অ্যাঞ্জেলেসের টিসিএল চাইনিজ থিয়েটারে গত ২৮ জানুয়ারি সিনেমাটির প্রিমিয়ার হয়। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের প্রযোজনায় ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পাবে ওয়েদারিং হাইটস।










