ওটিটি প্লাটফর্মে আসছে নতুন চমক। জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী এবার প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন ওয়েব ফিল্মে। যদিও এখনো নাম ঠিক হয়নি এ প্রকল্পের, তবে পরিচালনার দায়িত্বে থাকছেন আলোচিত নির্মাতা শিহাব শাহীন। ফলে শুরুতেই দর্শকের মধ্যে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।
পরিচালক কিংবা শিল্পীরা এখনই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ। তবে ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে, ১২ সেপ্টেম্বর শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। রোমান্টিক ঘরানার এ কাজ দিয়ে নতুন এক জুটি হিসেবে পর্দায় হাজির হবেন ইয়াশ রোহান ও তটিনী।
সম্প্রতি শিহাব শাহীনের সর্বশেষ নির্মাণ ‘দাগি’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এ সিনেমা দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ব্যস্ত এ নির্মাতা অক্টোবরের মাঝামাঝি সময়েই শুরু করতে যাচ্ছেন আরেক আলোচিত সিরিজ ‘গোলাম মামুন ২’-এর শুটিং। এরই মধ্যে নতুন ওয়েব ফিল্ম হাতে নেয়া তার ব্যস্ততা আরো বাড়িয়ে তুলেছে।
অন্যদিকে তটিনীও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শেষ করেছেন দুটি নাটকের শুটিং। এর মধ্যে অপূর্বর সঙ্গে করেছেন ‘তোমাকে চাই’, তৌসিফ মাহবুবের সঙ্গে জনপ্রিয় নাটক ‘বেশি বলে বুলবুলি’-এর সিকুয়াল। এছাড়া সামনে তাকে দেখা যাবে আন্তর্জাতিক শুটিং লোকেশনে। তানিম রহমান অংশুর পরিচালনায় তিনি অস্ট্রেলিয়ায় একটি নাটকের কাজে অংশ নেবেন।
সব মিলিয়ে তটিনীর অভিনয় ক্যারিয়ারের জন্য বছরটি হয়ে উঠছে বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইয়াশ রোহানও ধীরে ধীরে নিজের অবস্থান আরো পোক্ত করছেন। শিহাব শাহীনের মতো নির্মাতার সঙ্গে এ জুটি তাই দর্শকের কাছে নতুন প্রত্যাশা তৈরি করছে। ওয়েব ফিল্মটির নাম ও মুক্তির সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।










