২০১৭ সালে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আবু হোরায়রা তানভীরের। সিনেমাটির জনপ্রিয় গান ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’ ও ‘তারে দেখি আমি রোদ্দুরে’ দর্শকপ্রিয়তা পেলে তানভীরও হয়ে ওঠেন আলোচনার অংশ। প্রথম সিনেমায়ই দর্শকের মনে দাগ কাটেন তিনি।
এরপর তানভীর অভিনয় করেছেন ‘রাত জাগা ফুল’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘ওমর’সহ আরো কয়েকটি সিনেমায়। ‘প্রীতিলতা’ সিনেমায়ও তিনি অভিনয় শুরু করেছিলেন। ছোট পর্দায় তিনি প্রথম অভিনয় করেন রাশেদা আক্তার লাজুকের নির্দেশনায় একটি নাটকে। পরবর্তী সময় শিহাব শাহীন ও মিজানুর রহমান আরিয়ানের একক নাটকেও নজর কাড়েন।
ধারাবাহিক নাটকের মধ্যে ‘মা বাবা ভাই বোন’, ‘পরিবার’, ‘লুকোচুরি গল্প’, ‘মুসা’ উল্লেখযোগ্য। বর্তমানে তিনি সোহেল আরমানের নির্দেশনায় বিটিভিতে প্রচারের অপেক্ষায় থাকা ‘জল জোছনা’ ধারাবাহিকে অভিনয় করছেন।
শুধু উৎসবে প্রদর্শনের জন্য তানভীর বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। যেমন ‘কবিতা দিয়ে অসমাপ্ত’, ‘ফাদার্স’, ‘রেড রুটস’ ইত্যাদি। উৎসবকেন্দ্রিক এসব সিনেমার নির্মাতারা তানভীরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন।
মিডিয়ায় তার প্রথম কাজ ছিল বিজ্ঞাপনের মডেল হিসেবে, যা নির্মাণ করেছিলেন গোলাম কিবরিয়া ফারুকী। ভয়েস-ওভার করায় তানভীরের গভীর আগ্রহ রয়েছে এবং পেশাগতভাবে কাজ করতে চান তিনি।
তানভীর বলেন, ‘আমি যখন সিনেমায় কাজ শুরু করি, তখন বদরুল আনাম সৌদ ভাইকে একটি প্রশ্ন করেছিলাম, আমি কীভাবে ভালো অভিনেতা হব? তিনি আমাকে বলেছিলেন, ‘‘ভালো মানুষ হওয়ার চেষ্টা কর, যদি তা পার তবেই তুমি ভালো অভিনেতা হতে পারবে।’’ তো আমি সেই ভালো মানুষই হওয়ার চেষ্টা করছি। চেষ্টা করছি ভালো অভিনেতা হওয়ারও। আমার অভিনীত সব কাজই যে ভালো, এমনটা নয়। কিছু কাজ রুটি-রুজির জন্যও করতে হয়। তবে যে চরিত্রে অভিনয় করে আনন্দ পাই, তা ভীষণ মন দিয়ে করার চেষ্টা করি।’










