ধারাবাহিক নাটক বাংলাদেশে সবসময় জনপ্রিয়। বর্তমানেও টেলিভিশন চ্যানেলগুলোয় নিয়মিত চলছে কিছু ধারাবাহিক নাটক। এর মধ্যে দীপ্ত টিভির ‘রূপনগর’ অন্যতম। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, নাজনীন চুমকি, এমিলা হক, আ খ ম হাসান, মুকুল সিরাজ, শ্যামল মাওলা, আনিকা কবির শখ, লাবণ্য লিজা, তানভীর মাসুদসহ আরো অনেকে। নাটকটির জনপ্রিয়তায় মুগ্ধ এর শিল্পীরাও। তারা দর্শককে ধন্যবাদ জানিয়েছেন।
নাটকে বাচ্চু চেয়ারম্যান চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু। তার স্ত্রী পারভীন চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নাজনীন চুমকি। মাহমুদুল ইসলাম মিঠু বলেন, ‘বাচ্চু চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করে ভীষণ সাড়া পাচ্ছি। যেখানেই যাচ্ছি দর্শক তাদের ভালোবাসা আর অনুভূতি প্রকাশ করছেন। সত্যি বলতে কি কায়সার ভাই ভীষণ গুণী একজন পরিচালক। তার নির্মিত রূপনগর দর্শকের ভালোবাসায় জনপ্রিয় হয়ে উঠেছে। আর শিল্পী হিসেবে আমরা দর্শকের ভালোবাসায় মুগ্ধ।’
অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘এর আগেও বিটিভিতে রূপনগর নামের ধারাবাহিক নির্মিত হয়েছিল, তাতেও অভিনয় করেছিলাম। বহু বছর পর আবারো একই নামে ধারাবাহিক নির্মিত হলো, তাতেও আছি আমি। কায়সার আহমেদকে বিশেষ ধন্যবাদ এত চমৎকার একটি গল্প নিয়ে নাটক নির্মাণের জন্য। সবচেয়ে বেশি ভালো লাগে সেটে ভীষণ যত্ন নিয় শিল্পীদের কাছ থেকে অভিনয় আদায় করে নেয়া।’










