গ্ল্যামারাস চরিত্রের পাশাপাশি বাস্তবধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের মাঝে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এ তারকা। এবার একেবারে ভিন্নধর্মী ও সাহসী এক চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তানজিকা। আড়ালের কিছু মানুষের যাপিত জীবন, তাদের ভেতরের শূন্যতা আর উচ্ছেদের কঠিন বাস্তবতা নিয়ে নির্মিত রঙবাজার সিনেমায় একজন অবহেলিত নারীর চরিত্রে দেখা গেছে তাকে।

এসব মানুষের জীবন একদিকে যেমন রঙিন, অন্যদিকে তেমন রয়েছে ভীষণ একাকিত্ব ও শূন্যতায় ভরা। এমন মানুষের জীবনের কথা খুব একটা সামনে আসে না, আড়ালেই থেকে যায়। সে আড়ালের গল্প নিয়েই নির্মাণ হয়েছে সিনেমা রঙবাজার। এ পেশায় কেউ বছরের পর বছর জড়িত, কেউবা আবার সবে এসেছেন। এছাড়া দেশের নানা প্রান্ত থেকে অনেক মেয়েকে জোরপূর্বক নিয়ে আসা হয় এ অন্ধকার জগতে, যাদের সবারই আলাদা করুণ গল্প রয়েছে। সিনেমাটিতে একসময় তাদের জীবন এক কঠিন বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ায়।

চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্লাটফর্মে এসেছে সিনেমাটি। এর পরিচালক রাশিদ পলাশ জানান, সিনেমাটি দর্শকের জন্য লাইভ টেকনোলজিসের ‘সিনেমাটিক’ অ্যাপে মুক্তি দেয়া হয়েছে। গত রোববার থেকে দর্শক ওটিটিতে এটি দেখতে পাচ্ছে।

সিনেমায় নিজের চরিত্রটি নিয়ে এর আগে গণমাধ্যমে তানজিকা আমিন বলেছিলেন, ‘যৌনপল্লীর নারীদের জীবন বাইরে থেকে দেখতে অনেক রঙিন মনে হয়, কিন্তু ভেতরটা আসলে একদম ফাঁকা। তাদের জীবনের গল্প নিয়েই এ সিনেমা। এখানে আমি নিজেও একজন অন্ধকার জগতের বাসিন্দার চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি দর্শকের দেখা উচিত। আমার মনে হচ্ছে, এটি দর্শকের ভালো লাগবে।’

সিনেমার নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমরা পৃথিবীর আদিমতম একটি গল্প বলছি। হাজার বছরের পুরনো গল্পটি আমরা পর্দায় নিয়ে এসেছি। কারণ পুরো পৃথিবীতে এ বৃত্তি শুধু শরীরে নয়, এটা মানুষের মগজেও জড়িয়ে রয়েছে। সেটাই আমরা গল্পে দেখিয়েছি। এর মধ্যে মানবিকতার ছোঁয়া ও জীবন রয়েছে।’

তিনি জানান, মূলত একটি নিষিদ্ধ পল্লী উচ্ছেদের সত্য ও নির্মম ঘটনা নিয়েই এগিয়েছে এ সিনেমার মূল গল্প।