জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। অভিনয়ে তিনি যেমন পারদর্শী, তেমনি নির্মাণেও। অভিনয় কিংবা নির্মাণ দুই মাধ্যমেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। নাট্যনির্মাতা হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার পর ২০২১ সালে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’ দিয়ে। দর্শকমহলে প্রশংসিত হয় তার সে প্রথম সিনেমা। এবার আবারো বড় পর্দার জন্য ক্যামেরা হাতে নিচ্ছেন এ অভিনেতা-নির্মাতা।

তার দ্বিতীয় চলচ্চিত্রের নাম ‘কুটু’। সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে গ্রামবাংলার সহজ-সরল মানুষকে ঘিরে। এরই মধ্যে সিনেমাটির চিত্রনাট্য ও গান তৈরির কাজ সম্পন্ন করেছেন তিনি।

মীর সাব্বির জানান, ‘‌রাত জাগা ফুল’-এ শহরের কিছু গল্প ছিল। কিন্তু ‘কুটু’ পুরোপুরি একটি গ্রামীণ পটভূমির গল্প। এ সিনেমার মাধ্যমে আমি আবারো মানুষের সরলতা ও মানবিক গল্প তুলে ধরতে চাই দর্শকের সামনে।’

তবে এখনো অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হয়নি। কাস্টিংয়ে নতুন মুখ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান মীর সাব্বির। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুটিং শুরু করবেন তিনি। পাশাপাশি দ্রুত সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছাও রয়েছে তার।

এদিকে নতুন সিনেমার শুটিং শুরুর আগে মীর সাব্বির শেষ করতে চান একটি ধারাবাহিক নাটকের কাজ। নাটকটির নাম ‘রেমিট্যান্স যোদ্ধা’, যেখানে উঠে আসবে প্রবাসী শ্রমিকদের জীবনের নানা ঘাত-প্রতিঘাতের গল্প। নাটকটির শুটিং হবে দেশ ও বিদেশ মিলিয়ে।