জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। দীর্ঘদিন ধরেই অভিনয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। টেলিভিশন নাটক থেকে শুরু করে সিনেমা বিভিন্ন মাধ্যমে ভিন্নধর্মী চরিত্রে তার সাবলীল উপস্থিতি দর্শকের কাছে তাকে আলাদা করে চেনায়। এবার সে বহুমাত্রিক অভিনয় জীবনে যুক্ত হলো নতুন এক অভিজ্ঞতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’-য় প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এর আগে রুনা খানকে নানা ধরনের চরিত্রে দেখা গেলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে এই প্রথম দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। চরিত্রটির ভিন্নতা ও গুরুত্বের কারণে শুরু থেকেই দর্শকের আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘কাগজ’ সিনেমার পরিচালক আলী জুলফিকার জাহেদী সম্প্রতি নির্মাণ করেছেন এ বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রক্তছায়া। নির্মাতা জানান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্যেই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। বিশেষভাবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে পুরো প্রকল্পটির পরিকল্পনা করা হয়েছে।
আদ্রিয়ান প্রডাকশন প্রযোজনায় নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে রুনা খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুলসহ আরো বেশ কয়েকজন শিল্পী।
গল্প প্রসঙ্গে আলী জুলফিকার জাহেদী বলেন, ‘রক্তছায়ার মূল বিষয় নারীর প্রতি বৈষম্য। গল্পের ভেতর দিয়ে নারীর শক্তি, বুদ্ধিমত্তা ও মানসিক দৃঢ়তাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এ চরিত্রের জন্য একজন শক্তিমান ও পরিণত অভিনয়শিল্পীর প্রয়োজন ছিল। সে কারণেই রুনা খানকে বেছে নেয়া হয়েছে। নির্মাতার মতে, রুনা খানের অভিনয়দক্ষতা ও পরিমিতিবোধ তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তিনি আশাবাদী, চলচ্চিত্রটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে।
এদিকে আলী জুলফিকার জাহেদী আরো একটি নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। সিনেমার নাম ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এতে রুপালি পর্দার মানুষের জীবন, তাদের আড়ালের গল্প এবং শিল্পীসত্তার নানা দিক তুলে ধরা হবে। এ সিনেমায় চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করবেন রুনা খান। গত বছরই সিনেমাটিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। নির্মাতা জানিয়েছেন, সব ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটির শুটিং শুরু হবে।










