গতকাল ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ ও তারকারাও ভোট দিয়েছেন। ভোটদানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও নিজেদের অনুভূতি প্রকাশ করছেন তারা।
ভোট দেয়ার জন্য নির্মাতা আশফাক নিপুণ গিয়েছিলেন চট্টগ্রামে। তিনি তার ফেসবুকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। সঙ্গে ইংরেজিতে একটি পোস্ট লিখেছেন। তিনি লেখেন, ‘ভোট সম্পন্ন। সকাল ৭টা ৩০-এ এলাম আর সকাল ৮টা ১০-এ আমার পালা (লম্বা লাইনের কারণে)। প্রশান্ত আবহাওয়া, উৎসাহী ভোটার, আন্তরিক কর্মকর্তা এসবের অংশ হতে পেরে সত্যিই ভালো লাগছে।’ এছাড়া ভিডিওতে তিনি বলেন, ‘বিশাল লম্বা লাইন। অনেক মানুষ ভোট দিতে এসেছে। ভোটের পরিবেশ খুবই সুন্দর। দু-তিনবার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। কাজেই এখানে ভেজালের কোনো সম্ভাবনাই নেই।’
অভিনেত্রী ও উপস্থাপিকা আইশা খান ভোটদানের পর দুটি ছবি পোস্ট করেছেন। একটি তার নিজের, অন্যটি আঙুলে অমোচনীয় কালির দাগসহ। ক্যাপশনে তিনি লেখেন, ‘বাংলাদেশী নাগরিক হিসেবে দায়িত্ব সম্পন্ন করলাম।’
ভোট দিয়েছেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। তিনি সবসময়ই ভোট দিতে নাগরিকদের উৎসাহ দিয়ে এসেছেন। নিজেও সবসময়ই ভোট দেন। তার ভোট কেন্দ্র ছিল ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। সকাল সাড়ে ১০টার দিকে ভোট দেন তিনি এবং ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
নির্মাতা মাবরুর রশিদ বান্নাহও ভোট দিয়েছেন সকাল সকাল। তিনিও আশফাক নিপুণের মতো একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। লিখেছেন, ‘একটি অবিস্মরণীয় দিন । আলহামদুলিল্লাহ।’
ভোট দেয়ার পর আঙুলের ছবি পোস্ট করেছেন নির্মাতা শিহাব শাহীন। লিখেছেন, ‘ডান’।
রাধানগর, নওগাঁর ভোটার মনোজ প্রামাণিক। তিনি নিজেরসহ আরো কয়েকজনের সঙ্গে ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘ভোটাধিকার প্রয়োগ করলাম। আপনারাও ভোট দিন।’

বগুড়া জিলা স্কুলে ভোট দিয়েছেন শিল্পী পারশা মাহজাবিন। এ নিয়ে তিনি ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট করেছেন। তিনি জানান, ১৬ ঘণ্টার দীর্ঘ যানজট পার করে তিনি বগুড়া গিয়েছিলেন ভোট দেয়ার জন্য। পারশা লেখেন, ‘আজ আমার নাগরিক জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রান্ত হয়েছে। এটি শুধু একটি ভোট প্রদান নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালনের সূচনা।
আমি প্রায় ১৬ ঘণ্টা দীর্ঘ যানজট অতিক্রম করে বগুড়ায় গিয়েছি শুধু আমার ভোট প্রদান করার উদ্দেশ্যে। কারণ আমি বিশ্বাস করি, ভোটদান কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি গণতান্ত্রিক কাঠামোর প্রতি নাগরিকের প্রত্যক্ষ অঙ্গীকার। ব্যক্তিগত অসুবিধা বা দূরত্ব এ দায়িত্ব পালনের পথে আমার জন্য প্রতিবন্ধক হতে পারে না।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন বিনোদন অঙ্গনের পরিচিত মুখেরা। এ প্রজন্মের শিল্পীরা যেমন আছেন, তেমনি আছেন সোনালি যুগের শিল্পীরাও। আজ ভোট কেন্দ্রে দেখা গেছে ঢালিউডের তিন কন্যাখ্যাত ববিতা, সুচন্দা ও চম্পাকে। তারা একসঙ্গে ভোট কেন্দ্রে গিয়েছিলেন। ভোটদান শেষে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপেও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এছাড়া রাজধানীর একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন মাসুমা রহমান নাবিলা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আরো উন্নত বাংলাদেশের প্রত্যাশায় একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করলাম।’
শরীয়তপুরে ভোট দিয়েছেন সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, ‘পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে।’
ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষাও। সকালে ভোট দেয়ার পর সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। তাতে দেখা যায়, চশমা পরিহিত স্নিগ্ধ সাজে বর্ষা তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে ধরেছেন। ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। বাংলাদেশের মানুষ আমরা যেন ভালো থাকতে পারি ইনশা আল্লাহ।’
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোট কেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে। দেখেই ভালো লাগছে।’
ভোট দিয়েছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ভোট দেয়ার ছবি তিনি পোস্ট করেছেন ফেসবুকে। বাক্সে ব্যালট রাখার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভবিষ্যতের পথ’।
নুসরাত ইমরোজ তিশা একাধিক ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে তাকে হাসিমুখে দেখা যায়। অরেকটি ছবিতে তিনি সিঁড়ি দিয়ে নেমে আসছেন। তার সঙ্গে ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।
ফটিকছড়িতে ভোট দিয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সাফা কবির ভোট দিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।’
সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস ঢাকা-১৭ আসনের ভোটার। ভেলা সাড়ে ৩টায় বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি। ভোট দিয়ে প্রতিক্রিয়ায় জেমস, ‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।’
নির্বাচনের পরিবেশ ও ব্যবস্থা নিয়ে জেমস বলেন, ‘খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর। কোনো ঝামেলা নেই।’
অভিনেত্রী তমা মির্জা ঢাকা-১১ আসনের ভোটার। তিনি ছোট ভাইকে নিয়ে আজ দুপুরে ভোট দিতে গিয়েছিলেন। বাড্ডার মহানগর কলেজে ভোট দেন তিনি। এবারই প্রথম তিনি ভোট দিয়েছেন।
এদিকে ৯১ বছর বয়সী বাবাকে সঙ্গে নিয়ে গুলশান মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে যান মডেল ও অভিনয়শিল্পী আদিল হোসেন নোবেল। এ সময় তার সঙ্গে আরো ছিলেন স্ত্রী এবং মা। ভোট কেন্দ্রের সামনে কথা হয় প্রথম আলোর সঙ্গে। পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সরকারের কাছে নিজের প্রত্যাশার কথাও জানান নোবেল।










