ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত সিনেমা ডন ৩। সিনেমটি ঘিরে জল্পনা যেন একেবারেই থামছে না। কাস্টিং থেকে শুরু করে গল্প, নায়ক-নায়িকা ও খলনায়ক নির্বাচন প্রতিটি বিষয়ই এখন নিয়মিত আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ডনের চরিত্রে কি আবার ফিরবেন শাহরুখ খান।
ডন সিরিজের প্রথম দুই কিস্তিতে শাহরুখ খান অভিনীত ডন চরিত্রটি দর্শকের কাছে আলাদা এক আইকনিক অবস্থান তৈরি করেছিল। তার স্টাইল, সংলাপ আর উপস্থিতি এ চরিত্রকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। তাই ডন ৩ নির্মাণের ঘোষণা আসার পরই দর্শকমহলে স্বাভাবিকভাবেই শাহরুখের ফেরার প্রত্যাশা তৈরি হয়।
তবে সে প্রত্যাশায় বড় ধাক্কা আসে যখন নির্মাতারা হঠাৎ করেই ডন ৩-এর নায়ক হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করেন। এ সিদ্ধান্ত ঘিরে শুরু হয় ব্যাপক বিতর্ক। অনেক দর্শক ও ভক্তের মতে, ডনের মতো চরিত্রে শাহরুখ ছাড়া অন্য কাউকে মানানসই ভাবা কঠিন। সে বিতর্ক এখনো পুরোপুরি থামেনি।
এর মধ্যেই মাসখানেক আগে নতুন করে আলোচনা শুরু হয়, যখন ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে রণবীর সিং আর ডন ৩-এর সঙ্গে যুক্ত নন। এ খবরে আবারো নতুন করে আশা জাগে শাহরুখ ভক্তদের মধ্যে। এর পরই শোনা যেতে থাকে, ডনের চরিত্রে ফেরার বিষয়ে নাকি আগ্রহ দেখিয়েছেন শাহরুখ খান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান সিনেমাটিতে ফিরতে আগ্রহী হলেও একটি নির্দিষ্ট শর্ত দিয়েছেন। তার মতে, যদি ‘জওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমার ডন ৩-এর পরিচালনার সঙ্গে যুক্ত হন, তবেই তিনি এ প্রকল্পে কাজ করতে রাজি হবেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থা বা ফারহান আখতারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি এখনো পুরোপুরি জল্পনার পর্যায়েই রয়েছে।
শুধু নায়ক নয়, সিনেমার নারী চরিত্র নিয়েও অনিশ্চয়তা কাটেনি। এর আগে রণবীর সিংয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে কিয়ারা আদভানির নাম শোনা গিয়েছিল। পরে জানা যায়, তিনিও এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। সর্বশেষ খবরে জানা যাচ্ছে, তার জায়গায় কৃতি শ্যাননের নাম বিবেচনায় রয়েছে। যদিও এ তথ্যও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এদিকে ডন ৩-এর খলনায়ক নির্বাচন নিয়েও চলছে নানা আলোচনা। সূত্রের খবর অনুযায়ী, বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে দুজনই নাকি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। ফলে খলনায়কের চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়েও রয়ে গেছে বড় ধরনের প্রশ্ন।
সব মিলিয়ে ডন ৩ এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। একের পর এক কাস্টিং পরিবর্তন, নতুন নামের জল্পনা আর আনুষ্ঠানিক ঘোষণার অভাব দর্শকের কৌতূহল আরো বাড়িয়ে তুলছে। ডনের চরিত্রে শাহরুখ খানের সম্ভাব্য প্রত্যাবর্তন যদি সত্যি হয়, তাহলে সেটি নিঃসন্দেহে বলিউডের জন্য বড় এক চমক হয়ে উঠবে। আপাতত দর্শককে অপেক্ষা করতেই হচ্ছে নির্মাতাদের চূড়ান্ত ঘোষণার জন্য।
সূত্র ও ছবি: হিন্দুস্তান টাইমস










