ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এবার নতুন অঙ্গনে পা রাখছেন এ অভিনেত্রী। ঢালিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব বহুবার ফিরিয়ে দেয়ার পর অবশেষে পছন্দসই গল্প হাতে পেয়ে কলকাতার টালিউড সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। ভারতের কলকাতার নির্মাতা এমএন রাজ পরিচালিত রোমান্টিক চলচ্চিত্র ‘ভালোবাসার মরসুম’-এ তানজিন তিশার সঙ্গে থাকছেন বলিউডের সুপরিচিত অভিনেতা শারমান জোশি, যিনি ‘থ্রি ইডিয়টস’ সিনেমার জন্য ব্যাপক পরিচিত।
সম্প্রতি পরিচালক ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসে দেশের কয়েকজন নায়িকার সঙ্গে বৈঠক করেন। মিটিং শেষে তানজিন তিশার সঙ্গে চুক্তি সম্পন্ন করে কলকাতায় ফেরেন। জানা গেছে, সিনেমার গল্প সম্পর্কনির্ভর রোমান্টিক, যেখানে তানজিন তিশা হিয়া নামের চরিত্রে অভিনয় করবেন। শারমান জোশিকে কলেজ অধ্যাপক আবির নামের চরিত্রে দেখা যাবে, যার জীবনে পুরনো প্রেমিকা পারমিতা থেকে শুরু করে ছাত্রী হিয়ার সঙ্গে জটিল প্রেমের সম্পর্ক ফুটে উঠবে।
বাংলাদেশ থেকে আরো একজন জনপ্রিয় অভিনেতা খাইরুল বাশারও এ সিনেমায় অভিনয়ের জন্য নির্বাচন হয়েছেন। খাইরুল বাশার এর আগে ‘ব্যাচ ২৭’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘তালাশ’ সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন। পরিচালক জানান, খাইরুলের চরিত্র গল্পে গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসবে।
শারমান জোশি ভারতের গণমাধ্যমকে জানান, তিনি বর্তমানে বাংলা ভাষা শেখার প্রক্রিয়ায় আছেন এবং বাংলা সিনেমায় কাজ করতে পেরে খুবই আনন্দিত। তিনি বলেন, ‘আঞ্চলিক ভাষার সিনেমায় কাজ করা একটি বড় সম্মান।’
পরিচালক এমএন রাজ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ে শুরু হবে শুটিং, যা টানা ২৩ দিন চলবে। এরপর অক্টোবরে মুর্শিদাবাদে শুটিং সম্পন্ন হবে। ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা রয়েছে ছবিটির। যৌথভাবে ছবিটির প্রযোজনায় আছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।










