পহেলা বৈশাখের সঙ্গে একসময় যুক্ত হয়েছিল ‘বাজে রে বাজে ঢোল আর ঢাক’ গানটি। ১৮ বছর আগে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে গাওয়া এ গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল শ্রোতাদের কাছে। জনপ্রিয়তায় ভাটা পড়েনি এখনো। তবে এবার গানটিকে নতুন করে সাজানো হচ্ছে। নতুন সংগীতায়োজনে গানটি আনছে প্রযোজনা সংস্থা গানচিল।
গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এবারো নতুন সংগীতায়োজনে যুক্ত আছেন। নতুন করে তৈরি এ সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ ও ভিডিও চিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন শওকত আলী ইমন। তিনি বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক গানটির শ্রোতাপ্রিয়তা কতটা তা আর নতুন করে বলার কিছু নেই। গানটিকে নতুন প্রজন্মের আরো কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি, মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের মতো করে নিজের করে নেবে।’
গানটির নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন নিজে। আরো থাকছেন এ সময়ের জনপ্রিয় ও আলোচিত শিল্পীরা। আছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্নিয়া। গানের কথা লিখেছেন কবির বকুল। রাজধানীর তিনশ ফিটে এরই মধ্যে গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। যেটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
আজ গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে এ গান। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘আমাদের পহেলা বৈশাখের সঙ্গে এটি দারুণভাবে জড়িয়ে আছে। এ গান তাই নতুন আয়োজনে আমরা প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করি, নতুন প্রজন্মের দর্শকের কাছেও গানটি নতুন করে পৌঁছাবে।’









