শীতের আগমনের সঙ্গে সঙ্গে দেশে শুরু হয় কনসার্টের মৌসুম। সময়টি দেশের মিউজিক্যাল ব্যান্ডগুলোর জন্য সবচেয়ে ব্যস্ত সময়—রিহার্সাল, স্টেজ শো আর শহর থেকে গ্রাম সফরের মধ্যে দিনগুলো কেটে যায়। গত বছর এ সময় তুলনামূলক শান্ত ছিল, কিন্তু চলতি নভেম্বরে দেশজুড়ে মঞ্চের উত্তেজনা যেন নতুন প্রাণ পেতে শুরু করেছে। শ্রোতাদের জন্য এবার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হচ্ছেন মাহফুজ আনাম জেমস। ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ব্যান্ডের একটি বড় কনসার্ট, যেখানে শোনানো হবে দর্শকদের প্রিয় গানগুলো। কনসার্টকে আরো স্মরণীয় করে তুলবেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’-এর আলি আজমত, যিনি এক ভিডিও বার্তায় ঢাকা আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এরই মধ্যে জেমস জানিয়েছেন, ‘‌১৪ নভেম্বর আবার সংগীতপ্রেমীদের সঙ্গে দেখা হবে। গান শোনাব, মঞ্চে থাকবে দর্শকদের প্রিয় গানগুলো।’ কেবল গান শোনার নয়, এ কনসার্ট হবে শহর মাতানো উচ্ছ্বাস, ব্যান্ডের সুর আর তরুণদের উদ্দীপনার এক জীবন্ত উদযাপন। আলি আজমতের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করার মুহূর্তটি স্মরণীয় করে তুলবে গানপ্রিয় দর্শক-শ্রোতাদের।

জেমসের প্রস্তুতি শুরু

চলতি বছর জেমস দেশ-বিদেশের মঞ্চে পারফর্ম করেছেন। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে ‘নগর বাউল জেমস: লাইভ ইন ফিলি’ কনসার্ট আয়োজন করা হয়। টিকিট বিক্রির একটি অংশ বাংলাদেশে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে দেয়া হয়েছিল। ফিলাডেলফিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের ডালাসে গান পরিবেশন করেন তিনি। যুক্তরাষ্ট্র সফরের আগে সৌদি আরবের দাম্মাম ও জেদ্দায় আয়োজিত কনসার্টেও অংশ নেন। দেশে ফেরার পর আবারো টানা কনসার্টের প্রস্তুতি শুরু হয়েছে।

ব্যস্ত সময় পার করছে বিভিন্ন ব্যান্ড

বছর ঘুরতে না ঘুরতেই ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জল’। ২৮ নভেম্বর তারা অংশ নেবেন ‘সাউন্ড অব সোল’ কনসার্টে, যেখানে পারফর্ম করবে ওয়ারফেজ ও লেভেল ফাইভ। এর আগের বছর ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে তারা দর্শকদের মুগ্ধ করেছিল।

12

ওয়ারফেজ সম্প্রতি কানাডা ট্যুর শেষে দেশে ফিরে আবারো কনসার্টে ব্যস্ত। ২০ নভেম্বর তারা ‘ঐতিহ্য সুর সিজন ২’-এর ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার কলেজ সেন্ট্রাল মাঠে সেরা গানগুলো লাইভ পরিবেশন করবে। চার দশক ধরে দেশের সংগীতাঙ্গনের সঙ্গে যুক্ত এ ব্যান্ড কনসার্ট মৌসুমে আগাম প্রস্তুতিতেও ভালো সাড়া পাচ্ছে।

দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এ বছরের শেষ পর্যন্ত ব্যস্ত। ২৩ অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত তারা দেশের বিভিন্ন শহরে স্টেজ শোতে হাজির হচ্ছেন। সম্প্রতি নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফেরার পর থেকে ব্যান্ডের টানা শো চলছে। অন্যদিকে শিরোনামহীন ব্যান্ড বর্তমানে কানাডা সফরে আছে। দেশে ফিরে বছরের শেষ পর্যন্ত তারা টানা কনসার্টের পরিকল্পনা হাতে নিয়েছে।

13

দুটি ব্যান্ডই জানায়, নভেম্বর-ডিসেম্বরে তাদের জন্য দম ফেলার সময় নেই। দেশের বিভিন্ন শহর—ঢাকা, বরিশাল, বগুড়া, জয়পুরহাট, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, সাভার, কক্সবাজার, বান্দরবান—এখানেই শোয়ের আয়োজন রয়েছে। ব্যান্ডের সদস্যরা সন্তুষ্ট যে এত ব্যস্ততার মধ্যেও তাদের সিজন ভালো যাচ্ছে।

প্রতিবারের তুলনায় এবার কমতে পারে স্টেজ শো

শিল্পী ও মিউজিশিয়ানদের আয়ের প্রধান উৎস হলো স্টেজ শো। নভেম্বর থেকে ফেব্রুয়ারি হলো স্টেজের মৌসুম। কিন্তু এবার শুরুর আগেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগাম নির্বাচন ও নানা কারণে নিরাপত্তাজনিত সমস্যারও আশঙ্কা রয়েছে। ঢাকার বাইরের একাধিক জায়গায় গানের অনুষ্ঠান আয়োজনেও বাধা এসেছে। ফলে ওপেন এয়ার কনসার্টের সংখ্যা সীমিত হতে পারে অন্যবারের তুলনায়। ইনডোর করপোরেট শোও সীমিত হতে পারে। এটি শিল্পীদের আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেরতে পারে। অনেকেই মানসিক চাপের কথাও জানিয়েছেন। শো কমে যাওয়ায় আশঙ্কা অনেকেই প্রকাশ করছেন।

শিল্পীদের আশা ও উদ্যম

শিল্পীরা বিশ্বাস করেন, পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হবে এবং নতুন সুযোগ তৈরি হবে।

সংগীতশিল্পী সালমা বলেন, ‘‌যখনই কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, তার প্রভাব সংগীতের ওপর পড়ে। অন্য সবকিছু ঠিক থাকলেও সংগীত কিছুটা থমকে যায়। তবু আমি নিয়মিত কাজ করে যাচ্ছি। সবসময়ই কাজে ব্যস্ত ছিলাম, কখনো অভাব হয়নি। এবারো অসংখ্য স্টেজ শো রয়েছে, প্রতিনিয়ত কাজেই সময় কাটছে।’

কোনাল যোগ করেন, ‘‌এখন স্টেজ শোর মৌসুম চলছে। সামনে আমার বেশ কয়েকটি শো রয়েছে, সেগুলো নিয়েই ব্যস্ত সময় পার করছি। এবারের মৌসুমটাও গান আর মঞ্চ নিয়েই কাটবে।’

এবারে দেশে শীতের কনসার্ট মৌসুম, ব্যস্ততা ও অস্থিরতার মিশ্রণে সংগীতাঙ্গনের জন্য চ্যালেঞ্জের সময় হলেও শিল্পীদের উদ্যম, উচ্ছ্বাস মঞ্চকে এরই মধ্যে প্রাণবন্ত রাখছে।