চলচ্চিত্র ও ওয়েব—দুই মাধ্যমেই নিজেকে প্রমাণ করে চলেছেন তমা মির্জা। নতুন বছরেও তার সামনে অপেক্ষা করছে ব্যস্ততা। এ বছর তমা মির্জাকে দেখা যাবে দুটি নতুন সিনেমায়। এর একটি গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘জলযুদ্ধ’। অন্যটির পরিচালক হাসান মোরশেদ, যদিও সিনেমাটির নাম এখনই প্রকাশ করতে চান না তিনি। পরিচালক সূত্রে জানা গেছে, একটি সিনেমায় আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে এবং অন্যটিতে মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত। দোদুল পরিচালিত সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। অন্যদিকে হাসান মোরশেদের সিনেমায় তার সহশিল্পী শরীফুল রাজ। এসব বিষয়ে আপাতত বিস্তারিত বলতে রাজি নন তমা। তিনি বললেন, ‘দুটি সিনেমার গল্প শুনেছি। দুটিই দুর্দান্ত। এ ধরনের গল্প আর পরিচালকের ভাবনার সঙ্গে যেকোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চাইবে। এর বেশি আপাতত কিছুই বলতে পারব না। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানালেই সবাই জানতে পারবেন।’
হাসান মোরশেদের সিনেমার শুটিং শুরু হওয়ার কথা এ মাসেই। তবে তমা ও রাজের অংশের শুটিং এখনই হচ্ছে না। অন্যদিকে দোদুল তার সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। বেশির ভাগ শিল্পীই চূড়ান্ত হয়ে গেছে, কলাকুশলী ও টিমের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।
বড় পর্দার পাশাপাশি ওয়েব মাধ্যমেও তমা মির্জার একটি কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে। ওপার বাংলার নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতায় টানা নয়দিন শুটিং করলেও সিরিজটি এখনো মুক্তি পায়নি। অঞ্জন দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তমা বলেন, ‘কলকাতার কোনো পরিচালকের সঙ্গে কাজ করিনি। শুরুতে একটু ভয় ছিল। কিন্তু অভিজ্ঞতাটা অসাধারণ। তিনি যেমন দারুণ পরিচালক, তেমনি অসাধারণ মানুষ। ক্যাপ্টেন অব শিপ হিসেবে আমাকে মুগ্ধ করেছেন।’ কলকাতার কাজের পরিবেশ নিয়েও সন্তুষ্ট তিনি। বললেন, ‘এক শিফট করে কাজ হয়েছে। টিম খুব গোছানো। সবাই জানে কে কী করবে। অনেক কিছু শিখেছি।’
২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। সে সময় তিনি তুলনামূলকভাবে গতানুগতিক নায়িকা চরিত্রে সীমাবদ্ধ থাকলেও রায়হান রাফীর হাত ধরে নতুনভাবে দর্শকের সামনে আসেন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে নিজেকে ভেঙে হাজির হওয়ার পর ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ এবং সর্বশেষ শিহাব শাহীনের ‘দাগি’—সব কাজেই তিনি পেয়েছেন প্রশংসা।










