ব্যাটম্যান পর্দায় এসেছে বহুবার। নানাভাবে উপস্থাপিত হয়েছেন তিনি। এর মধ্যে সাম্প্রতিকতম ব্যাটম্যান রবার্ট প্যাটিনসন। ম্যাট রিভস পরিচালিত এ ব্যাটম্যানের সিনেমায় জিম গর্ডন চরিত্রে অভিনয় করেন জেফ্রি রাইট। কিন্তু এ চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেতাকে নেয়ায় চটেছেন অনেকেই। এ নিয়ে শুরু থেকেই নানা রকম কথা হয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন রাইট। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের চিন্তা শুধু বর্ণবাদী নয়, বরং একেবারেই অযৌক্তিক।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম কোলাইডারকে দেয়া এক সাক্ষাৎকারে রাইট বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর যে আজও এমন আলোচনা চলছে। কিছু মানুষ এখনো ভাবে, এ চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেতা থাকাটা ভুল। আমি বলব, এটা সম্পূর্ণ বোকামি, বর্ণবাদী ও অন্ধ চিন্তার প্রতিফলন। কমিকস যখন ১৯৩৯ সালে প্রথম প্রকাশ হয়েছিল (ব্যাটম্যান চরিত্রটি প্রথম কমিকস আকারে প্রকাশ হয়েছিল ১৯৩৯ সালে), তখনকার সামাজিক বাস্তবতা আজকের মতো ছিল না। কিন্তু এখনকার সিনেমাগুলো সময়ের সঙ্গে বদলেছে। সমাজ যেমন পরিবর্তন হয়েছে, সিনেমাও সে পরিবর্তনের প্রতিচ্ছবি।’

রাইটের মতে, ব্যাটম্যান আসলে এমনভাবে তৈরি হয়েছিল যে প্রতিটি প্রজন্ম তাকে নতুনভাবে কল্পনা করতে পারে। তিনি যখন কমিশনার গর্ডনের ভূমিকায় অভিনয় করেছিলেন, তখন সেটিও ছিল উন্মুক্ত কল্পনার অংশ। তাই এ গল্পগুলো এখন তার নিজেরও। বব কেইন ও বিল ফিঙ্গার যখন ব্যাটম্যান তৈরি করেছিলেন, তারা নিজেদের চারপাশের বাস্তবতা থেকে অনুপ্রাণিত হন। কিন্তু তাদের কল্পনা ছিল উন্মুক্ত। এ উন্মুক্ত কল্পনাই ব্যাটম্যানকে এতদিন ধরে জনপ্রিয় করে রেখেছে।

সমালোচনার জবাবের পাশাপাশি জেফ্রি রাইট ভক্তদের সুখবরও দিয়েছেন। ম্যাট রিভস পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’তে তিনি আবারো ফিরছেন কমিশনার গর্ডনের চরিত্রে। সম্প্রতি সিনেমার চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। তবে অনেক দেরি হলেও ছবিটি ২০২৭ সালের ১ অক্টোবর মুক্তি পাবে।

অবশ্য সম্প্রতি এন্টারটেইনমেন্ট উইকলিকে দেয়া এক সাক্ষাৎকারে আমেরিকান ফিল্ম ও টেলিভিশন প্রডাকশন প্রতিষ্ঠান ডিসি স্টুডিওসের প্রধান জেমস গান ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জুনে চিত্রনাট্য হাতে পাব বলে ধরে নিচ্ছি। আশা করি সেটাই হবে। এ নিয়ে আমরা খুবই আশাবাদী।’

তিনি দর্শকের উদ্দেশে বলেন, ‘দর্শকের ম্যাট রিভসকে চাপ দেয়া উচিত নয়। তার যতটা সময় দরকার, ততটা সময় নিয়ে চিত্রনাট্য লিখতে দিন। ব্যাপারটা এমনই। শুধু আপনারা তার সিনেমা পছন্দ করেন বলেই তিনি আপনাদের কাছে ঋণী নন। আসলে আপনারা সিনেমাটা পছন্দ করেন, কারণ সেটা ম্যাটের কাজ। তাই তাকে তার মতো করে কাজ করতে দিন।’

সূত্র: ভ্যারাইটি