সিনেমার প্রচারে মোশন পোস্টার প্রকাশ করে বলিউড। বাংলাদেশের সিনেমায় এ ধারা খুব বেশি দেখা যায়নি। তবে সম্প্রতি শাকিব খান তা নিয়ে এলেন। প্রকাশ হয়েছে ‘প্রিন্স’ সিনেমার ফার্স্ট লুক মোশন পোস্টার। ১৭ সেকেন্ডের এ মোশন পোস্টারের সঙ্গে আছে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো নেপথ্য সংগীত! মুখভর্তি দাঁড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস, হাতে ধরে আছেন একেবারে ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক! পরনে কালো গাউন, মারদাঙ্গা অ্যাকশন লুক শাকিব খানের!
ঈদুল ফিতরে মুক্তি দেয়ার লক্ষ্যে প্রকাশ করা হলো প্রিন্স সিনেমার ফার্স্ট লুক। এর মাধ্যমে সিনেমায় শাকিবের চরিত্রের দারুণ ঝলক পাওয়া গেল।
বোঝা গেল, তিনি একজন গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন। একই সঙ্গে মোশন লুক ইঙ্গিত দিচ্ছে, এ-যাবৎ কালের অন্যতম বড় আয়োজনের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে প্রিন্স।
সিনেমার প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে এটি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সে ক্ষমতার পিছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’
প্রিন্স সিনেমা ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এতে শাকিব ছাড়া আরো অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর। আরো আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।
শাকিব খানের ফার্স্ট লুক প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সিনেমাটির শুটিং চলমান। শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মাণ হচ্ছে সিনেমাটি। শ্রীলংকায় অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে বাকি কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটি ঘোষণার পর অনেকেই বলছে এতে কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করছেন শাকিব। তবে নির্মাতারা জানান, বিষয়টি আদতে গুজব। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করছেন না তারা।










