রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে রাত ১১টার পর শুটিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আবাসিক এলাকায় যানজট ও জনদুর্ভোগ এড়াতে এ নিয়ম করা হয়েছে। উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি গত ২০ জুলাই হাউজ মালিকদের শুটিং বন্ধে চিঠি দেয়, যেখানে জনসমাগম ও বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটার অভিযোগ উঠে এসেছিল।
২৬ জুলাই সন্ধ্যায় আয়োজিত এক আলোচনা সভায় কল্যাণ সমিতি, হাউজ মালিক অ্যাসোসিয়েশন ও ছোট পর্দার সংগঠনের নেতারা অংশ নিয়ে সমস্যার সমাধান করেন।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, ছোট পর্দার সব সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) শিগগিরই একটি নীতিমালা তৈরি করে কল্যাণ সমিতিকে দেবে। তিনি বলেন, ‘সমিতির শর্তাবলি আমাদের খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত রয়েছে, তাই সমাধানে কোনো জটিলতা নেই। এটি ভবিষ্যতের জন্য গঠনমূলক দৃষ্টান্ত।’
হাউজ মালিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসাইন বলেন, ‘রাত ১১টার পর শুটিং নিষিদ্ধ থাকবে। আউটডোর শুটিং করলে যানজট ও জনভোগান্তি এড়াতে হবে।’
কল্যাণ সমিতির চিঠিতে বলা হয়, ‘আবাসিক এলাকায় বাণিজ্যিক শুটিং হাউজ পরিচালনা নীতিমালার পরিপন্থী। এতে এলাকার পরিবেশ নষ্ট ও বাসিন্দাদের অধিকার ক্ষুণ্ণ হয়। তাই শুটিং কার্যক্রম বন্ধ ও শুটিং হাউজ ভাড়া দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।’










