এরই মধ্যে চতুর্থ সিজনের কাজ বেশ জোরেশোরেই শুরু হয়ে গেছে। এমনকি নতুন সিজনের প্রথম গানের শুটিংও শেষ হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি বেশ ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, কোক স্টুডিওর চেনা সেটে দাঁড়িয়ে গান গাইছেন দুই শিল্পী। তবে দর্শককে চমকে দেয়ার জন্য এ দুই শিল্পী আসলে কে, তা এখনো গোপন রাখা হয়েছে। কোক স্টুডিও বাংলার একটি সূত্র জানিয়েছে, ১৪ ও ১৫ মে ঢাকায় এ গানের শুটিং শেষ হয়েছে। এরপর একে একে বাকি গানগুলোর শুটিংও করা হবে। নতুন এ সিজনে কোন কোন পছন্দের শিল্পী গান গাইবেন কিংবা প্রথম গানটি কবে প্রকাশ পাবে, তা নিয়ে এখনই মুখ খুলছেন না আয়োজকরা। তবে তারা জানিয়েছেন, খুব তাড়াতাড়িই আনুষ্ঠানিকভাবে সবকিছু সবাইকে জানিয়ে দেয়া হবে। এর আগে ২০২৪ সালের এপ্রিলে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয়েছিল। এরপর মাঝে বেশ লম্বা একটা বিরতি ছিল। পরে ২০২৫ সালের আগস্টে আবারো নতুন গান নিয়ে হাজির হয়েছিল তারা।

২০২২ সালে যাত্রা করার পর প্রথম তিনটি সিজনেই মিউজিক কিউরেটর বা প্রধান সংগীত পরিচালক হিসেবে ছিলেন জনপ্রিয় শিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার চমৎকার সংগীতায়োজন আর নতুন-পুরনোর মেলবন্ধন শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দেশীয় লোকগান আর আধুনিক সুরের দারুণ সব ফিউশনের কারণে অল্প দিনেই এটি সবার প্রিয় হয়ে ওঠে। এবার চতুর্থ সিজনে নতুন কী চমক আসছে, এখন সেটাই দেখার অপেক্ষা।