ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন। সকাল থেকে রাত পর্যন্ত থাকছে টক শো, সিনেমা, বিনোদনমূলক অনুষ্ঠান ও বিশেষ নাটক।
সকাল ৭টায় প্রচার হবে ‘রাঙা সকাল’। এ পর্বে অতিথি হিসেবে থাকবেন দীর্ঘদিন বাংলাদেশে বসবাসকারী মার্কিন দম্পতি জ্যাকব বার্লিন ও জয়া বার্লিন। তারা নিজেদের পরিচয়, বন্ধুত্ব, প্রেম, সংসার জীবন ও বাংলাদেশে বসবাসের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন। সকাল ৯টায় প্রচার হবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র ‘ভালোবাসা এক্সপ্রেস’। রোমান্টিক ঘরানার এ সিনেমা ভালোবাসা দিবসের আমেজকে আরো উজ্জ্বল করবে।
সন্ধ্যা ৬টায় ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রাত ৯টায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন চিত্রনায়িকা শবনম বুবলী। এছাড়া রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘বৃষ্টির ঘ্রাণ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারেক রহমান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও বহ্নি হাসান।
নাটকের গল্পে দেখা যাবে, টানা বৃষ্টির এক সকালে ব্যস্ত শহরের রাস্তায় দুই অপরিচিত মানুষের আকস্মিক দেখা। বৃষ্টির কারণে অফিসগামী এ তরুণ-তরুণীর মধ্যে প্রথমে কথা না হলেও পরে একই ভবনে কাজ করার সূত্রে তাদের পরিচয় হয়। করিডোরের দেখা, কফির আড্ডা, লাঞ্চ ব্রেক ও জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখা, এমন ছোট ছোট মুহূর্তে তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। ভালোবাসা দিবসে দর্শকের জন্য ভিন্নধর্মী ও রোমান্টিক আবহে সাজানো এ আয়োজন দিনটিকে আরো বিশেষ করে তুলবে বলে আশা করছে মাছরাঙা টেলিভিশন।










