দীর্ঘদিনের বিরতির পর অবশেষে আবারো মঞ্চে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। সম্প্রতি তিনি অভিনয় করেছেন নাট্যাচার্য সেলিম আল দীন রচিত ও অনিক ইসলামের নির্দেশনায় মঞ্চায়িত নাটক ‘দেয়াল’-এ। নাটকে তিনি একজন অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেন।
ফারজানা চুমকির মিডিয়ায় যাত্রা শুরু ১৯৯৮ সালে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়ম পরিচালিত বহুল আলোচিত নাটক ‘জীবন যেখানে যেমন’ দিয়ে। এর পরের বছর তিনি অংশ নেন বহুল জনপ্রিয় ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায়। প্রয়াত আলোকচিত্রী চঞ্চল মাহমুদের তোলা ছবির মাধ্যমেই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেকেন্ড রানারআপ হন। এরপর নিজের স্বপ্ন ও আগ্রহের জায়গা থেকেই তিনি যুক্ত হন বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এ।
ঢাকা থিয়েটারের হয়ে তিনি মঞ্চে অভিনয় করেছেন ‘হাত হদাই’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতী কইন্যার মন’, ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’সহ অসংখ্য নাটকে। প্রতিটি নাটকেই তিনি দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন।
মঞ্চে ফেরার অনুভূতি জানাতে গিয়ে চুমকি বলেন, ‘আমার বড় বোন নীলু আপার অনুপ্রেরণায় মিডিয়ায় আসা। তার কারণেই আজকের ফারজানা চুমকি হয়ে ওঠা। আমরা যারা মঞ্চে অভিনয় করি, তারা প্রত্যেকেই আসলে কাজটিকে ভীষণ ভালোবাসি। মাঝে মাঝে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, তবু মঞ্চের প্রতি টান ও ভালোবাসা একটুও কমে না। কারণ আমাদের পরিবার যেমন মা-বাবা-ভাইবোনকে ঘিরে গড়ে ওঠে, তেমনি মঞ্চদলটাও আমাদের জন্য আরেকটি পরিবার।’










