ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এ অভিনেত্রী এরই মধ্যে বড় পর্দায় অভিষেক করেছেন শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমার মাধ্যমে। সে অভিজ্ঞতার পর এবার তিনি দর্শকের সামনে আসতে যাচ্ছেন নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস নিয়ে। সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটি ঘিরে নিজের অনুভূতি, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এ অভিনেত্রী।

সংবাদ সম্মেলনে সাবিলা নূর জানান, বনলতা এক্সপ্রেসে যুক্ত হওয়া নিয়ে শুরুতে তার মধ্যে কিছুটা নার্ভাসনেস কাজ করেছিল। তিনি বলেন, ‘পরিচালক তানিম ভাইয়া যখন প্রথম তার কাছে চরিত্রটির কথা বলেন, তখন বিষয়টি নিয়ে তিনি ভেবেছিলেন। তবে পরে জানতে পারেন, এ সিনেমায় তার সহ-অভিনেতা হিসেবে থাকছেন কিংবদন্তি অভিনয়শিল্পী মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। বিষয়টি জানার পরই তার আগ্রহ অনেক বেড়ে যায়।’

তিনি আরো বলেন, ‘সিনেমার স্ক্রিপ্ট তাকে গভীরভাবে টেনেছে।’ বিশেষ করে চিত্রনাট্যকার স্বাধীন ভাইয়া ও সামিউলের লেখা সংলাপের কথা আলাদাভাবে উল্লেখ করেন সাবিলা নূর।’ তার ভাষায়, সংলাপগুলো এত সুন্দরভাবে লেখা যে পুরো গল্প পড়ার পর মনে হয়েছে এটি একটি এক্সাইটিং এবং ভিন্ন ধরনের জার্নি হতে যাচ্ছে।

বনলতা এক্সপ্রেস নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে সাবিলা নূর বলেন, ‘এ সিনেমার জার্নিটা অনেক দুর্দান্ত কিছু হবে।’ গুণী সহ-অভিনেতা, শক্তিশালী চিত্রনাট্য ও নির্মাতাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে সিনেমাটি দর্শকের জন্য আলাদা অভিজ্ঞতা নিয়ে আসবে বলেই তার ধারণা।

উল্লেখ্য, তাণ্ডব সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশের পর সাবিলা নূরকে ঘিরে দর্শকের আগ্রহ আরো বেড়েছে। ছোট পর্দার পরিচিত মুখ থেকে ধীরে ধীরে বড় পর্দায় নিজের জায়গা তৈরি করতে চলেছেন তিনি। বনলতা এক্সপ্রেস সে যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।