গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, দ্বন্দ্ব-সংঘাত, সমাজ-সংস্কার আর মানুষের সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘৭ কিলো ১ গ্রাম’। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।
নাটকের কাহিনী আবর্তিত হয়েছে সাত কিলোমিটার আয়তনের এক গ্রামকে ঘিরে। এ জনপদের নাম একসময় ছিল পরাণপুর, কিন্তু নানা ঘটনা পরম্পরায় এখন মানুষ একে ডাকে পেইনপুর। এ গ্রামের মানুষের জীবনে শান্তির চেয়ে অশান্তি বেশি। সামান্য কারণেই বাধে ঝগড়া-বিবাদ, চুন থেকে পান খসতেই দেখা দেয় গ্যাঞ্জাম।
গল্পে মোচড় আসে তখন, যখন গ্রামের বয়স্কা নারী আয়নাল বিবির ছোটবেলায় হারিয়ে যাওয়া ছেলে সুরুজ ৩০ বছর পর ফেরার খবর ছড়িয়ে পড়ে। এতে অস্থিরতা তৈরি হয় বিশেষ করে গ্রামের তিন পরিবারে। এতদিন তারা আয়নাল বিবির ভিটেমাটি ও জমিজমার লোভে তাকে দেখাশোনা করছিল। কিন্তু ছেলের ফিরে আসার সংবাদে তাদের মধ্যে ভয় আর দুশ্চিন্তার সঙ্গে সঙ্গে কৌতূহলও জন্ম নেয়। এ দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়েই এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন এবং পরিচালনায় শামস করিম। পরিচালক বলেন, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটে নির্মিত ৭ কিলো ১ গ্রাম ধারাবাহিকে দর্শক একদিকে যেমন হাস্যরস খুঁজে পাবে, তেমনি থাকবে প্রতি মুহূর্তের নাটকীয়তা। এটি নিছক বিনোদনই নয়, বরং একটি সামাজিক প্রতিচ্ছবি।’
নাট্যকার জুয়েল এলিনের মতে, ৭ কিলো ১ গ্রামে আমরা মানুষের জন্ম-মৃত্যু, সুখ-দুঃখ, প্রেম-বিরহ, আত্মকলহ, মায়ামমতা শুরু করে আত্মীয়তা-শত্রুতা, সামাজিক অবক্ষয় এবং প্রতিকারের চেষ্টার মতো নানা বিষয় দেখতে পাব। প্রতিটি দর্শকই তার জীবনের কোনো না কোনো অংশের ছায়া খুঁজে পাবেন এ নাটকে।
শক্তিশালী এ গল্পকে প্রাণবন্ত করতে একঝাঁক অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন নাটকটিতে। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া ইসলাম, মীম চৌধুরী, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, শরীফ হোসেন ইমন, ঝুনা চৌধুরী, শফিক খান দিলু, ম আ সালাম, পঙ্কজ মজুমদার, আলমগীর হোসেন, জেবুন্নেসা সোবহান, শেখ স্বপ্না, রাশেদা আঁখী, সাবিনা রনি, জান্নাতুল স্বর্ণা, রিপা রঞ্জনা, মনিষা শিকদার, মারুফ মিঠু, তুহিন খান, রহিম সুমনসহ আরো অনেকে।
গতকাল নাটকটি এনটিভিতে প্রচার শুরু হয়েছে। নাটকটি প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে। নাটকটি নিয়ে এরই মধ্যে দর্শক মহলে কৌতূহল তৈরি হয়েছে। নির্মাতা ও কলাকুশলীরা আশা করছেন, গ্রামীণ সমাজের টানাপড়েন নিয়ে নির্মিত এ ধারাবাহিক দর্শকের মনে জায়গা করে নেবে।










