গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ইনসাফ’। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ইউসুফ একসময়ের ত্রাস, অপরাধজগতের ডন। অনেকদিন আলোচনায় না থাকার পর হঠাৎ সবার মনে প্রশ্ন—‘ইউসুফ কি ফিরে এসেছে?’ হ্যাঁ, ইউসুফ ফিরছে। তবে কোনো লোকালয়ে নয়, সে ফিরছে পর্দায়। ‘ইনসাফ’ সিনেমায় ইউসুফকে দেখা যাবে ওটিটি প্লাটফর্ম চরকিতে। সিনেমাটি মুক্তি পাবে ৩ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (৪ সেপ্টেম্বর)।

সিনেমার গল্পে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আইন-শৃঙ্খলা বাহিনীর চৌকস অফিসার জাহান খান, যে চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে।

প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর দর্শকরা তাদের ভালো লাগা জানিয়েছেন। কেউ বলেছেন, ফারিণকে স্ক্রিনে দেখে তিনি অবাক হয়েছেন, তাকে সুন্দর এবং অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী মনে হয়েছে। অনেকে মনে করছেন ফারিণকে আরো আগে থেকেই সিনেমায় নিয়মিত দেখা উচিত ছিল। এক দর্শক বলেন, ফারিণের ‘হট এবং সুইট’ মিশ্রণ চমকপ্রদ ছিল। শরিফুল রাজের চরিত্রের গেটআপ ও চাহনি দর্শক ও চরিত্রের সঙ্গে একেবারে মানিয়ে গেছে।

সিনেমায় রয়েছে আরো চমক। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নতুন লুকে হাজির হয়েছেন একজন চিকিৎসকের চরিত্রে, যেখানে মেডিকেল সিন্ডিকেশনের কথাও তুলে ধরা হয়েছে। অতিথি চরিত্রে চঞ্চল চৌধুরীর উপস্থিতি দর্শকদের বিস্ময় দিয়েছে। ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুনভাবে ব্যবহার করা হয়েছে। সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফারকেও সিনেমায় দেখা গেছে।

নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘সিনেমাটি যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, সেটাই আমার চাওয়া। চরকিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সিনেমাটি সবার হাতের মুঠোয় চলে যাবে। দেশের বাইরের দর্শকরাও এটি দেখবেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমার কথা মুখে মুখে ছড়িয়েছিল, আশা করি ওটিটিতেও তা হবে।’

ফারিণ বলেন, ‘চরকিতে “‍ইনসাফ” আসার কারণে দেশের বাইরের দর্শকরাও এটি দেখবেন। এটি আমার কাছে আনন্দের।’ শরিফুল রাজ বলেন, ‘সঞ্জয় সমাদ্দারের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তিনি অসাধারণ মানুষ ও নির্মাতা। ফারিণের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আশা করি, ওটিটির দর্শকরাও এটি পছন্দ করবেন।’

সিনেমায় ডন, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন। গল্পে নাজিম উদ্দৌলা ও সঞ্জয় সমাদ্দার, চিত্রনাট্য করেছেন নাজিম উদ্দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমাদ্দার। সংলাপ লিখেছেন একই দল।