এ প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা মুসাফির রনি। এ নির্মাতা নাটক নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছেন বারবার। তার নির্মিত নাটক মানেই দর্শকের ভিন্ন কিছু। তেমনই একটি জনপ্রিয় ধারাবাহিক ‘জোনাকির আলো’। এনটিভিতে সম্প্রচারিত এ নাটক শিগগিরই শেষ হতে চলেছে বলে জানালেন নির্মাতা নিজেই।

পাপ্পুরাজ রচিত ও ‘প্রচেষ্টা অ্যাড মিডিয়া’ প্রযোজিত নাটকটির মূল গল্প রনির নিজেরই। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হয় এটি। এতে অভিনয় করছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শেলী আহসান, ড. নাজনীন চুমকি, সালহা খানম নাদিয়া, ফারজানা আহসান মিহি, সালমান আরাফাতসহ আরো অনেকে। এরই মধ্যে ১৩৫তম পর্ব প্রচারিত হয়েছে, আর কয়েকটি পর্ব শেষে নাটকটির সম্প্রচার শেষ হবে।

অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে “‍জোনাকির আলো” অন্যতম দর্শকপ্রিয়। এটি একটি পারিবারিক গল্পের নাটক, যা আমার পছন্দের গল্পের ধারা অনুসরণ করে। রনি ভীষণ যত্ন নিয়ে কাজ করেন, তার সঙ্গে কাজ করতেও ভালো লাগে।’

ইন্তেখাব দিনার বলেন, ‘এ ধারাবাহিকে আমাদের অভিনয়ের বড় অনুপ্রেরণা সেলিম ভাই। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার আকাঙ্ক্ষা থেকেই নাটকটিতে যুক্ত হওয়া। রনিও খুব মন দিয়ে কাজ করে, যার ফল সে পায়।’

শেলী আহসান বলেন, ‘নাটকটি শেষ হয়ে যাচ্ছে, মনটা খারাপ। পুরো টিমকে মিস করব।’ ড. নাজনীন চুমকি বলেন, ‘সেলিম ভাই আছেন জেনে আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়েছিলাম। “‍জোনাকির আলো” টিমের সঙ্গে কাজ করে দারুণ লেগেছে।’

মিহি বলেন, ‘এ নাটকে কাজ করে নিজেকে অভিনয়ে সমৃদ্ধ করার সুযোগ হয়েছে।’ নবাগত সালমান আরাফাত বলেন, ‘আমি অভিনয়ে একেবারেই নতুন। শ্রদ্ধেয় সেলিম ভাইকে বাবার চরিত্রে পেয়ে কী যে ভালো লেগেছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। এমন সুযোগ দেয়ার জন্য রনি ভাইয়ের কাছে কৃতজ্ঞ।’

নির্মাতা মুসাফির রনি জানিয়েছেন, নাটকের শেষ পর্বের নির্মাণকাজ এরই মধ্যে শেষ হয়েছে।