শিল্পী জিনিয়া জাফরিন লুইপা। আধুনিক গান দিয়েই তিনি শ্রোতা-দর্শকের মন জয় করে নিয়েছিলেন। তবে এ সময়ে ফোক গান প্রকাশেও তিনি ভীষণ মনোযোগী হয়ে উঠেছেন। কারণ তার কণ্ঠে এখন শ্রোতা-দর্শক ফোক গানও শুনতে চায়। এরই মধ্যে আরটিভি মিউজিকে ‘ফোক স্টেশন সিজন সিক্স’-এ প্রকাশ হয়েছে লুইপার কণ্ঠে ‘আশিকজন দিওয়ানা’। গানের কথা ও সুর গণি পাগলের। গানটির সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন নূর হোসেন হীরা।

নতুন গান প্রসঙ্গে লুইপা বলেন, ‘আরটিভি মিউজিকের ফোক স্টেশনের মতো ভীষণ জনপ্রিয় একটি আয়োজনে আমার গাওয়া ফোক গানগুলো এত সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে, এটা ভাবতেই ভালো লাগে। কৃতজ্ঞতা এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে। এর আগেও আরো দুটি গান এ আয়োজনে গেয়েছি। দর্শক জানিয়েছেন, এ আয়োজনে আমার উপস্থিতি তাদের মুগ্ধ করেছে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি। কারণ আমাদের সব কষ্ট-শ্রম সার্থক হয় তখন, যখন শ্রোতা-দর্শক বলেন, গান তাদের ভালো লাগছে।’

ফোক গানে নিয়মিত হওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি ফোক গানে আগামীতে আরো মনোযোগী হব। সত্যি বলতে, স্টেজ শোয় ফোক গানেরও বিশেষ অনুরোধ থাকে। সেই ভালো লাগা থেকেই আসলে ফোক গানে আরো একটু মনোযোগী হয়ে উঠলাম।’

লুইপার প্রথম একক অ্যালবাম ছিল ‘ছায়াবাজি’। প্রথম অ্যালবাম দিয়েই বেশ সাড়া ফেলেন তিনি। তবে প্রখ্যাত সংগীতশিল্পী বেগম আখতারের ‘জোছনা করেছে আড়ি’ গানটি দিয়ে তিনি সংগীতপ্রেমী শ্রোতা-দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হন। ২০২১ সালে রুনা লায়লার সুরে লুইপা গেয়েছিলেন। গানের শিরোনাম ছিল ‘এই দেখা শেষ দেখা’। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। লুইপার বেশি সাড়া ফেলা প্রথম মৌলিক গান ‘জেন্টলম্যান’। গানটিতে তার সঙ্গে মডেল হয়েছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।