বিশাল ভরদ্বাজের নতুন সিনেমা ‘ও রোমিও’। শহিদ কাপুর ও তৃপ্তি দিমরিকে প্রধান চরিত্রে রেখে সিনেমাটি নির্মাণ করছেন তিনি। তবে এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক। বাস্তব জীবনের মুম্বাই আন্ডারওয়ার্ল্ড ডন হুসেন উস্ত্রার চরিত্রের অননুমোদিত উপস্থাপনার অভিযোগে তার মেয়ের করা মামলা নতুন করে আলোচনায় এনে দিয়েছে সিনেমাটির দীর্ঘ ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ যাত্রাপথ। তবে খুব কম মানুষই জানেন, একসময় এ ছবির কেন্দ্রে ছিলেন প্রয়াত ইরফান খান ও দীপিকা পাড়ুকোন।
ও রোমিও মূলত হুসেন এস জাইদির বই মাফিয়া কুইনস অব মুম্বাইয়ের একটি অধ্যায় থেকে অনুপ্রাণিত। এ বই থেকেই সঞ্জয় লীলা বানসালী তৈরি করেছিলেন গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। বইয়ের ওই অধ্যায়ে নব্বইয়ের দশকের মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের তিন প্রভাবশালী চরিত্র—হুসেন উস্ত্রা, স্বপ্না দিদি ও দাউদ ইব্রাহিমের জটিল সম্পর্ক ও প্রতিশোধের রাজনীতি উঠে আসে। এ কাহিনী নিয়েই ২০১৭ সালে পরিকল্পনা শুরু হয়েছিল একটি বড় বাজেটের সিনেমা, যার নাম ছিল রানি।
সেই সময় উস্ত্রার চরিত্রে চুক্তিবদ্ধ হন ইরফান খান ও স্বপ্না দিদির ভূমিকায় দীপিকা পাড়ুকোন। পরিচালক হিসেবে যুক্ত ছিলেন কাস্টিং ডিরেক্টর হানি ত্রেহান। ২০১৮ সালের জানুয়ারিতে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও প্রথম ধাক্কা আসে দীপিকার পদ্মাবত-এর শুটিং ঘিরে সৃষ্ট রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার কারণে। সেট ভাংচুর, শুটিং বন্ধ—সব মিলিয়ে পুরো শিডিউল এলোমেলো হয়ে যায়।
এরপর সমস্যা বাড়ে সৃজনশীল মতবিরোধে। বিশাল ভরদ্বাজ ও তার একসময়ের শিষ্য হানি ত্রেহানের মধ্যে মতানৈক্যের ফলে ত্রেহান সিনেমাটি ছেড়ে দেন। ঠিক তখনই আরো বড় আঘাত আসে—ইরফান খানের নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হওয়া। চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন লন্ডনে থাকেন, ফলে প্রকল্প কার্যত থমকে যায়। পরে তার অকালপ্রয়াণ সিনেমাটির ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে তোলে। এর সঙ্গে যুক্ত হয় প্রযোজনা সংস্থার আইনি জটিলতা ও কভিড-১৯ লকডাউন।
শেষ পর্যন্ত কয়েক বছর পর সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজক হিসেবে এগিয়ে আসেন। নতুন করে সিনেমার নাম হয় ও রোমিও। ইরফান ও দীপিকার জায়গায় আসেন শহিদ কাপুর ও তৃপ্তি দিমরি। আইনি ঝামেলা এড়াতে চরিত্রগুলোর নামও বদলে ফেলা হয়। তবু মুক্তির ঠিক আগে ফের মামলা ও বিতর্ক শুরু হলো। মনে হচ্ছে, ও রোমিওর ভাগ্যে সমস্যা যেন লেগেই আছে। ১৩ ফেব্রুয়ারি মুক্তির আগে এ ঝড় থামে কিনা সেটাই এখন দেখার বিষয়।
সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










