ছোট পর্দার প্রিয় মুখ তাসনুভা তিশা। নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন তাসনুভা তিশা। গত এক যুগে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসা অর্জন করেছেন।
সম্প্রতি তাসনুভা তিশা শেষ করেছেন পারিবারিক গল্পের নতুন নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’-এর শুটিং। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত নাটকটি দেখা যাবে ‘রঙ্গন’ ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এবং শিগগিরই এটি মুক্তি পাবে।
দুই প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত এ নাটকে তাসনুভা তিশার সঙ্গে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত ও ডলি জহুর। নাটকটির প্রযোজনা করেছেন জামাল হোসেন।
পারিবারিক গল্পের নাটক প্রযোজনার বিষয়ে জামাল হোসেন বলেন, ‘আমাদের চারপাশের জীবনে অস্থিরতা আর পাওয়া না পাওয়ার চাপ বেড়েই চলেছে। বিনোদনের মাধ্যমগুলোও অনেকটাই বদলে গেছে। নাটক মূলত ড্রয়িংরুমের পারিবারিক বিনোদন হলেও এখন তা ভিউয়ের দৌড়ে পিছিয়ে পড়ছে। দর্শকের জন্য সুস্থ ও অর্থবহ বিনোদন দিতেই এমন গল্পের নাটক নির্মাণের চেষ্টা করছি। গল্পটি শুনে আমার ভালো লেগেছে এবং আমি বিশ্বাস করি, ভালো নাটক পছন্দ করা দর্শকেরও এটি ভালো লাগবে।’
নাটকটির নাম ‘লাইফ ইজ বিউটিফুল’ হলেও এতে জীবনের বাস্তব দিকগুলোই তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, ‘জীবন সব সময় সুন্দর হয় না, বরং অনেক সময় তা বেশ কঠিন। এ নাটকের গল্পটা সুন্দর ও গভীর। শুধু নাম দেখে বিচার না করে নাটকটি দেখলে দর্শক ভিন্ন ধরনের বার্তা ও বিনোদন পাবেন বলে আমি আশা করি।’
তাসনুভা তিশার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে একদিন ছুটি হবে, অফ স্ক্রিন, লাভ গুরু ডটকম, দোস্ত দুশমন, ঝালমুড়ি, প্রেম করতে ইচ্ছুক, লাভ লস, অপেক্ষা, এ কেমন খেলা, তোমাকে চাই, অল্প, মনে মনে, মনে পড়ে, অরুপার গল্প, হাই জ্বীন, যাও পাখি বলো, নতুন ঠিকানায়, মনের টান, বোধ, প্রিয় যোগাযোগ, অ্যাভেঞ্জার্স অ্যান্ড দ্য গ্রেট লুজার, গুডনাইট, মনের ভেতর মন, বালিকার জন্য রূপকথা, তুমি কোন গগনের তারা ইত্যাদি। নাটকের পাশাপাশি তিনি ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
ভালো গল্প ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা ধরে রাখতে চান তাসনুভা তিশা।










